রেডিওর রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেনের অবসর কাটে রেডিও শুনে l ছবি: খালেদ সরকার
মোফাজ্জল হোসেনের অবসর কাটে রেডিও শুনে l ছবি: খালেদ সরকার

প্রথম দর্শনে মনে হতে পারে জঞ্জালের স্তূপ। নানা সাইজের বাক্স, ব্যাগ, যন্ত্রপাতি... প্রতিটি জিনিসের ওপর পুরু ধুলার স্তর। জঞ্জালের ফাঁক-ফোকর গলে বেরিয়ে থাকা দু-একটা অ্যান্টেনা জানান দিল, এটাই মো. মোফাজ্জল হোসেনের রেডিও সংগ্রহশালা। সংগ্রাহক তখন ছোট্ট, অন্ধকার ঘরটার মাঝখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। ‘কোনটা রেখে কোনটা দেখাই বলেন তো?’ বলতে বলতে ইতস্তত ডানে-বাঁয়ে তাকান, আমাদের উত্তরের অপেক্ষা না করে কাজে হাত লাগান তিনি। এটা-ওটা সরাতেই জঞ্জালের ভেতর থেকে উঁকি দিতে শুরু করে বিচিত্র সব রেডিও। বেশ কিছুক্ষণ কসরতের পর কয়েকটা রেডিও ‘উদ্ধার’ করা গেল। ছবি তোলার জন্য ইস্তিরি করা শার্ট গায়ে দিয়েছিলেন, ধুলায় মাখামাখি হয়ে শার্টের ততক্ষণে নাজেহাল অবস্থা। শার্ট বদল করতে মোফাজ্জল গেলেন পাশের ঘরে, আমরা এই ফাঁকে রেডিওগুলো উল্টেপাল্টে দেখি।

সংগ্রহে থাকা সবচেয়ে ক্ষুদ্র রেডিও
সংগ্রহে থাকা সবচেয়ে ক্ষুদ্র রেডিও

কোনোটা অর্ধগোলাকৃতি, কোনোটা দেখতে স্যুটকেসের মতো; লাল রঙের গাড়িসদৃশ একটা রেডিও চোখে পড়ল। ধুলায় মাখামাখি, তবু মনে হলো ভেতরের যন্ত্রপাতিগুলো ঠিকই আছে। যেন একটু নাড়াচাড়া করলেই ঘড় ঘড় শব্দে বাজতে শুরু করবে! এরই মধ্যে হাজির হলেন মোফাজ্জল। শুরু হলো তাঁর গল্প।

সংগ্রহের নেশা
মোফাজ্জল হোসেনের বাড়ি ময়মনসিংহ। বাবা আবদুল ফারুকের বাজারে রেডিও সারাইয়ের দোকান ছিল। পড়ালেখা বেশিদূর করা হয়নি, তাই মোফাজ্জলের বেশির ভাগ সময় বাবার দোকানেই কাটত। ‘বাবা মুক্তিযোদ্ধা ছিলেন।
দোকানে তাঁর সহযোদ্ধারা আসতেন, গল্প করতেন। তাঁদের কথা থেকেই জানতে পারছিলাম, মুক্তিযুদ্ধে রেডিওর একটা বড় ভূমিকা আছে। সে সময়ই আমি বাবারে বলছিলাম, যেসব রেডিও নিয়ে এত ইতিহাস, সেগুলা সংগ্রহ করা যায় না?’ এমন ভাবনা থেকেই তাঁর রেডিও সংগ্রহ করা শুরু। শুরুতে ব্যাপারটা ছেলেমানুষি হলেও, দিনে দিনে সেটা পরিণত হয় নেশায়। কোথাও কোনো পুরোনো রেডিওর খবর পেলেই মোফাজ্জল সেখানে ছুটে যান। ‘এমনও হইছে, বাজারের ব্যাগ নিয়ে বের হইছি। রাস্তায় কোনো রেডিওর খবার পাইছি। বাজার না করে বাড়ি ফিরছি রেডিও নিয়া। আরেকবার বরিশাল গেছিলাম একটা রেডিও আনতে। ফেরার সময় বোটে ডাকাত পড়ছে। রেডিও নিয়েই আমি পানিতে লাফায় পড়ছি। হাবুডুবু খাইছি, কিন্তু হাত থেকে রেডিও ছাড়ি নাই।’ বলছিলেন তিনি।

.
.

এত কষ্টের কিছুটা ফলও পেয়েছেন মোফাজ্জল। ইত্যাদির মাধ্যমে হানিফ সংকেতের সঙ্গে পরিচয় হওয়া তাঁর কাছে বড় অর্জন। এ বছরের ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবসে বাংলাদেশ বেতারের সহায়তায় একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। সেখানে প্রদর্শিত হয়েছে মোফাজ্জলের সংগ্রহে থাকা দেশি-বিদেশি চার শতাধিক রেডিও। সংগ্রাহক বলেন, ‘টেলিফুনকেন কোম্পানির রেডিও, পোর্টেবল টিউব রেডিওসহ শত বছরের পুরান রেডিও আমার কাছে আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে, এমন রেডিও-ও আছে। যেগুলা দিয়া মুক্তিযোদ্ধারা চরমপত্র শুনতেন।’

এখন ভাবনা
মোফাজ্জলের দুই ছেলে, এক মেয়ে। আগে ঘড়ি মেরামতের দোকান ছিল, এখন ডা. ইসহাক ইমামের সংগৃহীত অ্যান্টিক ঘড়িগুলোর দেখাশোনা করেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যেমন ভাবেন, তেমনি রেডিওগুলোর ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি। ‘সারা জীবন কষ্ট করে রেডিও সংগ্রহ করছি। এখন জায়গার অভাবে ঠিকমতো রাখতে পারি না। এত দামি দামি জিনিস চোরে নিয়ে যায় কি না, ভেবে রাতে ঘুমও হয় না। আমি এখন এই দুশ্চিন্তা থেকে মুক্তি চাই। কেউ যদি সবগুলা রেডিও যত্ন করে রাখবে বলে কথা দিত, তারে দিয়ে দিতাম।’ মোফাজ্জল জানান, তাঁর স্বপ্ন রেডিওগুলো নিয়ে একটা জাদুঘর করার। ‘জাদুঘরের নাম হবে স্যার জগদীশচন্দ্র বসুর নামে। তিনিই তো রেডিওর আবিষ্কারক। সেখানে রেডিও নিয়ে গবেষণা হবে। নতুন প্রজন্ম ইতিহাস জানবে।’