রেফারিজ অ্যাসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ‘এম এইচ চৌধুরী লিমিটেড-প্রয়াত রেফারিজ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয় ১ অক্টোবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির সদস্য মো. ইব্রাহীম নেসার ও সিজেকেএসের ফুটবল কমিটির সম্পাদক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সরওয়ার হোসেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর হাসান, প্রবীণ কুমার ঘোষ, ডেভিড রোজারিও, সুনীল কৃষ্ণ দে, সুবল দাশ, সাবেক রেফারিদের মধ্যে সামশুল আলম, মো. ইউনুছ, মো. মনজুরুল ইসলাম, শম্ভু নাথ চৌধুরী, কবির হোসেন, কাজী আবদুল আউয়াল প্রমুখ। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সরওয়ার হোসেন জানান, চার বছর ধরে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের প্রয়াত রেফারিদের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করছে। এবার টুর্নামেন্টে নাসির উদ্দিন বাচন ও দিলীপ সিংহ একাদশ, দুলাল মিয়া ও কেরামত উল্লাহ একাদশ, মাহাবুবুল আলম চৌধুরী ও নবী বক্স একাদশ, ইসলাম মিয়া ও খলিলুর রহমান একাদশ, মনসুর আহম্মদ, আবদুর রউফ ও জাফর সাদেক কুতুবী একাদশ এবং দিদারুল আলম ও ইয়ার মোহাম্মদ একাদশ নামে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। সব দলই প্রয়াত রেফারিদের নামানুসারে করা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, ‘সারা দেশের আর কোনো রেফারিজ অ্যাসোসিয়েশন এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করে না। এমনকি বাফুফে রেফারিজ কমিটিরও এ ধরনের কোনো আয়োজন নেই।’