
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত পার করলেন আমেরিকার নর্থউড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রেবেকা চক্রবর্তী। ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় যোগ দেন তিনি। এর আগে ১ থেকে ৫ ডিসেম্বর পাঁচ দিন তিনি ইডিইউতে ‘প্রিন্সিপাল অব মাইক্রো ইকনোমিকস’ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। শেষ দিনে আয়োজন করা হয় শিক্ষক-শিক্ষার্থী মুখোমুখি আলোচনার এই অনুষ্ঠান।
এই সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা, গান ও স্মৃতিচারণা করেন। পাশাপাশি কর্মদক্ষতা, ক্যারিয়ার ও উচ্চশিক্ষা নিয়েও কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় রেবেকা চক্রবর্তী জিডিপি, প্রবৃদ্ধি, চাহিদা ও জোগানসহ অর্থনীতির একাধিক বিষয় সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।
চট্টগ্রাম সফরের সময় তিনি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে ৪৫ ঘণ্টা ক্লাস নেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানকার শিক্ষার্থীদের জানার আগ্রহ অনেক বেশি। এটাই জ্ঞান অর্জনের মূল কথা।
আড্ডায় রেবেকা চক্রবর্তী বলেন, অর্থনীতি একটি মজার বিষয়। কিন্তু বিষয়টি বুঝতে না পারলে কঠিন। বিভিন্ন দেশেই অর্থনীতির ধারণা অনুযায়ী দেশ পরিচালিত হয়। আবার এর মাধ্যমেই ফুটে ওঠে একটি উন্নয়নের চিত্র। তাঁর আলোচনায় বাংলাদেশের অর্থনীতির নানা বিষয়ও উঠে আসে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখানকার ছেলেমেয়েদের মেধা আছে। সঠিক পরিকল্পনায় তাদের এগিয়ে নিয়ে গেলে একদিন ওরা সবাইকে চমকে দেবে। কারণ তাদের মাঝে আছে অসম্ভবকে সম্ভব করার দুরন্ত ইচ্ছে।