রেল কলোনিতে উচ্ছেদ অভিযান
বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় রেলভবনের পাশে হাসপাতাল কলোনিসংলগ্ন এলাকায় গতকাল সোমবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রেলওয়ের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা ও উপসচিব রশিদ আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অন্তত ২০টি ঝুপড়িঘর ভেঙে দেওয়া হয়। জানা গেছে, রেলের কিছু কর্মচারী এসব ঝুপড়িঘর তুলে ভাড়া দেন। অবৈধ দখলদারদের থাবা পাহাড়ের ঢালু থেকে হাসপাতালের দেয়াল পর্যন্ত বিস্তৃত হয়। ঝুপড়িঘরকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।এ প্রসঙ্গে রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘যেসব ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে, সেগুলো অবৈধভাবে নির্মিত। কিছু ঘর খাড়া পাহাড়ের ঢালুতে ছিল। চলতি বর্ষা মৌসুমে ভূমিধস হলে এসব ঘরবাড়িতে প্রাণহানির আশঙ্কা ছিল।’রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ ঘরবাড়ির অবস্থান চিহ্নিত করে এগুলো ক্রমান্বয়ে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে।