রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ৫২৬ একর জমি উদ্ধার করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ সংরক্ষণ ও নজরদারির অভাবে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের বেদখল হয়ে যাওয়া বিপুল পরিমাণ ভূসম্পত্তি বছরের পর বছর ধরে উদ্ধার করা যাচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতা, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এসব জমি উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন।সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরসহ জেলার বিভিন্ন এলাকায় রেলওয়ে চট্টগ্রাম বিভাগের আওতায় মোট জমির পরিমাণ সাত হাজার ৭০১ একর। এর মধ্যে বিভাগীয় অপারেশনাল কাজে ব্যবহূত ভূমি রয়েছে চার হাজার ৩৯৬ একর। বাকি তিন হাজার ৩০৫ একর ভূমির মধ্যে প্রায় ৫২৬ একর জায়গা চলে গেছে অবৈধ দখলে। এসব ভূমির দাম হাজার কোটি টাকার বেশি। সূত্রমতে, ২০০৩ সালের আগে অবৈধ দখলে ছিল ৬৮১ একর। ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৫৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শতাধিক একর জায়গা উদ্ধার করা হয় নগরের বিভিন্ন এলাকা থেকে। তবে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, হিসাবের খাতায় ৫২৬ একর হলেও বাস্তবে বেদখলে থাকা সম্পত্তির পরিমাণ এক হাজার একরের বেশি হবে। গত দুই দিনে নগরসহ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে কর্মকর্তাদের দাবির সত্যতা পাওয়া গেছে। কোনো নিয়ম না মেনেই বিভিন্ন স্থানে রেলওয়ের জায়গা দখল করে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাড়িঘর, দোকানপাটসহ নানা স্থাপনা গড়ে তুলেছে। টাইগারপাস, পাহাড়তলী, কদমতলী, ঝাউতলা, ষোলশহর এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছে বিভিন্ন আধাপাকা টিনের ছাউনির বাড়ি, দোকানপাট ও বস্তি। ষোলশহর রেলস্টেশন, জানালিহাট রেলস্টেশন, ঝাউতলা, নতুনপাড়া রেলস্টেশন এলাকায় রেললাইন থেকে কমপক্ষে ২০ ফুট দূরত্বে স্থাপনা করার কথা থাকলেও রেললাইন ঘেঁষেই গড়ে তোলা হয়েছে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। ষোলশহর স্টেশন কার্যালয় ঘেঁষে গড়ে তোলা চা-দোকানের মালিক মো. ইলিয়াছ আলী বলেন, ‘রেলওয়ের লোকজনকে ম্যানেজ করেই দোকান করেছি।’ হামজারবাগ, বিবিরহাট, রউফাবাদ ও অক্সিজেন এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন ঘেঁষে উভয় পাশে গড়ে উঠেছে বস্তি। বিবিরহাট এলাকার নুর কলোনির বাসিন্দা দিলওয়ার হোসেন বলেন, ‘বাড়িঘর হারিয়ে ১৫ বছর আগে এই বস্তিতেই আশ্রয় নিয়েছি। বেড়া দিয়ে একটা ঘর করেছি। এতে রেলের কোনো লোক বাধা দেননি।’ অনেকেই রেলওয়ের জমি কৃষিকাজের জন্য ইজারা নিয়ে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করছেন। ভাড়া দিয়ে আয় করছেন বিপুল টাকা। কিন্তু এসব সম্পত্তি উদ্ধারে কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আবদুর রশিদ জানান, প্রতি মাসে গড়ে তিনটি অভিযানে প্রায় তিন-চার একর জমি উদ্ধার হচ্ছে। তিনি স্বীকার করেন, আমলাতান্ত্রিক জটিলতা, নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বেদখল হওয়ায় জমি উদ্ধার-প্রক্রিয়া আশানুরূপ গতি পাচ্ছে না। বেদখল হওয়া জমির মূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান প্রক্রিয়ায় প্রতিদিন অভিযান পরিচালনা করেও এসব জমি উদ্ধার করা সম্ভব নয়।’ রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক কর্মকর্তা মনে করেন, বেদখল হওয়া ভূমি উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার পাশাপাশি অবৈধ দখলদার কর্তৃক উচ্চ আদালতে করা মামলা একটি বড় বাধা। সূত্রমতে, ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত শুধু নগরের বিভিন্ন জায়গায় রেলওয়ের ভূমি থেকে উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতে সিভিল রিভিশন ও রিট মামলা হয়েছে ১৬টি। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মনে করেন, বছরের পর বছর ধরে দখলে রাখার জন্য আদালতে রিট মামলা অবৈধ দখলদারদের একটি কৌশল। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসূফ আলী মৃধা গত মঙ্গলবার বলেন, ‘রেলওয়ের সম্পত্তি একবার উদ্ধার করা হলেও কিছু দিনের মধ্যে আবার বেদখল হয়ে যায়। ভবিষ্যতে যাতে এ রকম না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ জানা যায়, রেলওয়ে চট্টগ্রাম বিভাগের আওতায় বাণিজ্যিক, কৃষি ও অন্যান্য শ্রেণীতে রেলওয়ের ভূমি ইজারা দেওয়া হয়েছে এক হাজার ৫৭১ একর। এর মধ্যে বাণিজ্যিক ২৫ দশমিক ১১ একর, কৃষি এক হাজার ৩৩৪ দশমিক ১৫ একর, মৎস্য ১৭২ দশমিক চার একর ও নার্সারি এক দশমিক ৬১ একর। অনুমোদিত ইজারা গ্রহীতার সংখ্যা সাত হাজার ১৬৪। এসব ভূমির ইজারা খাতে সরকার ২০০৯ সালের জুন থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত চার কোটি ৩০ লাখ টাকার রাজস্ব পেয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মো. সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, ‘বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করে যথাযথ সংরক্ষণ ও নজরদারির মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব আয় আরও বাড়বে। তবে সরকারকেই এই উদ্যোগ নিতে হবে।’ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাকে নানান জটিলতার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। এ ক্ষেত্রে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সার্বক্ষণিক একজন কর্মকর্তা নিয়োগ দিলে বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে গতি আসবে।