চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের বড় বড় থাম ঘিরে বাঁধানো আসনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। একটু পরেই প্ল্যাটফর্মে মহানগর গোধূলি প্রবেশ করবে। বেশির ভাগ যাত্রীরই ওই ট্রেনের জন্য অপেক্ষা। ৪ ডিসেম্বর শুরু হওয়া রেলওয়ের সেবা সপ্তাহ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। কেমন সেবা পাচ্ছেন যাত্রীরা? প্রশ্ন করতেই ফেনীর বাসিন্দা শহীদুল আলম বললেন, ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেন ছাড়া অন্য কোনো ট্রেনের সেবার মান ভালো নয়।
গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কথা হচ্ছিল শহীদুলের সঙ্গে। ফেনীর বাসিন্দা হলেও তাঁর কর্মস্থল চট্টগ্রাম। পেশাগত কারণে ঢাকা ও সিলেটে নিয়মিতই ট্রেনে যাতায়াত করেন তিনি। তাঁর কথা, আন্তনগর ট্রেনের সেবার মান মোটামুটি ভালো হলেও লোকাল ও মেইল ট্রেনের চিত্র তার বিপরীত। এসব ট্রেনে মাঝপথে ইচ্ছেমতো লোকজন ওঠানো হয় বলে অভিযোগ তাঁর। পাশাপাশি আসনগুলোও লক্কড়-ঝক্কড় হয়ে পড়েছে।
শহীদুলের সঙ্গে গলা মিলিয়ে একই কথা বললেন অধিকাংশ যাত্রী। তাঁদের অনেকেই অভিযোগ করে বলেছেন, সন্ধ্যার পর অনেক লোকাল ট্রেনে বাতি জ্বলে না। ট্রেনের শৌচাগারে পানি থাকে না। দুর্গন্ধে অনেক সময় আসনে বসে থাকা দায় হয়ে পড়ে। তা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টেশনের কথা বাদ দিলে পূর্বাঞ্চলের অধিকাংশ স্টেশন নোংরা। এসব স্টেশনে ভাসমান মানুষ ও হকারদের উৎপাতের কথাও বললেন তাঁরা।
যাত্রীদের এসব অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের কানে পেঁৗছাচ্ছে িক? খোঁজ নিয়ে জানা গেল, সেবা সপ্তাহে যাত্রীদের অভিযোগ শুনতে ও সেবার মান তদারক করতে নয়টি টাস্কফোর্স গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। প্রতিটি টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন স্টেশনে যাত্রীদের সমস্যার কথা শুনছেন। টাস্কফোর্সের সদস্যরা ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো নথিভুক্তও করে নিচ্ছেন। একই সঙ্গে স্টেশনের অবস্থা এবং সার্বিক সেবার মান ঠিক আছে কিনা তা পরখ করে দেখছেন। পরে এসব সমস্যা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে তুলে ধরবেন তাঁরা।
রেলওয়ে সূত্র জানায়, বিভিন্ন স্টেশনের প্লাটফরম, যাত্রী লাউঞ্জ, অপেক্ষমাণ কক্ষ, রিটায়ারিং রুম ও শৌচাগার পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে সেবা সপ্তাহ উপলক্ষে। পাশাপাশি স্টেশনের বিভিন্ন ট্রেনের সূচি ও ভাড়ার তালিকা হালনাগাদ করা, চলন্ত ট্রেনে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ নজরদারি থাকছে স্টেশন ও আশপাশের এলাকায় প্রতারকচক্র ও টিকিট কালোবাজারিদের ওপর। এ ছাড়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও রেলপুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
আখাউড়ার যাত্রী রবিউল হোসেন রেলওয়ের এই উদ্যোগের কথা জানেন না। তাঁর কথা সময়ের সঙ্গে সঙ্গে রেলওয়ের সেবাও উন্নত হবে। চট্টগ্রাম-সিলেট এবং চট্টগ্রাম-ঢাকা রেলপথের ট্রেনের মান আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েকটি স্টেশনে অবস্থান করে বিভিন্ন ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। অনেকে সূচির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছু স্টেশনের ভিআইপি অপেক্ষমাণ কক্ষে প্রয়োজনীয় আসবাবপত্র নেই। এ ছাড়া আরও কিছু স্টেশনে দোকানপাটের কারণে যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে।’
সরদার সাহাদাত আলী আরও বলেন, ‘আমরা কিছু সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করে দিচ্ছি। কিছু সমস্যা পূরণ করা সময়সাপেক্ষ ব্যাপার এবং এর সঙ্গে অর্থ বরাদ্দের বিষয় জড়িত। সেই সমস্যাগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে প্রস্তাব দেব।’