রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব রেল যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা ও রেলের জন্য পৃথক মন্ত্রণালয়সহ নয় দফা দাবিতে মিরসরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন উপকূল সমাজউন্নয়ন সংস্থা ও সোসাইটি ফর কালচার অ্যান্ড ইকোনোমিক ম্যানিফেস্টেশন (স্কিম)। সমপ্রতি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশন চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে সংগঠনের নেতারা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেন। অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে সমাবেশে বক্তব্য দেন উপকূল সমাজউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক, স্কিমের নির্বাহী পরিচালক শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দেশের দীর্ঘমেয়াদি যোগাযোগব্যবস্থার উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং স্বল্প জ্বালানির বিষয়গুলো প্রাধান্য দেওয়া প্রয়োজন। এ সব দিক বিবেচনায় রেখে বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন জরুরি। রেলওয়ের সেবা গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা দরকার বলে তাঁরা অভিমত দেন। স্থানীয় জনসাধারণ এসময় আন্তনগর ছাড়া সব ট্রেন বড়তাকিয়া রেলস্টেশনে থামানোর দাবি জানান। তাঁরা বলেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যে পরিমাণ চাপ পড়েছে স্টেশনটি পুরোদমে চালু হলে তা কমে যাবে। এ ছাড়া, এতে ব্যবসাসহ এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে তাঁরা মন্তব্য করেন।