রেলক্রসিং
নিশাল নামে আমার এক বান্ধবী ছিল। ছিল বলার কারণ, ‘সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোনো গাঁয়’। আমার জীবনের অনেক স্মৃতি আছে তাকে ঘিরে। একদিনের ঘটনা মনে পড়লে মন কেমন করে! সে এসেছিল নীলক্ষেতে বই কিনতে। বই কেনা শেষে দুজনে হাঁটছি। হঠাৎ সে আবিষ্কার করল তার কাছে কোনো টাকা নেই। রামপুরাতে ছিল ওদের বাসা। আমি ওকে পৌঁছে দেব এবং ভাড়াটা আমিই দেব—এই শর্তে দুজন রিকশায় উঠলাম। মৌচাকের মোড়ে কী একটা কাজে যেন আমার নামতে হলো। আমি তাকে বিদায় জানালাম। ও মুখে একটু হাসি টেনে আমার দিকে তাকিয়ে আছে। তারপর রিকশা চলতে শুরু করল। কিছুক্ষণ পর আমার মনে পড়ল যে তার টাকা নেই এবং রিকশাভাড়া আমারই দেওয়ার কথা। এতক্ষণে আমি বুঝতে পারলাম তার চোখের চাহনি কেন এমন ছিল। আমি ওকে ফোন করে রিকশা থামতে বললাম। ও জানাল মগবাজার রেলগেট পার হয়ে গেছে। আমি ওকে দাঁড়াতে বলে দিলাম দৌড়। আমি এতই উন্মাদের মতো দৌড়াচ্ছিলাম যে রেলক্রসিং দিয়ে ট্রেন যাচ্ছিল, সে খেয়াল করিনি। সে ক্রসিংয়ের ওপর থেকে চিৎকার দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলাম। ট্রেন চলে যাওয়ার পর ওর কাছে গিয়ে ভালো করে তাকালাম চোখের দিকে। ওই চোখের ভাষা বুঝাতে না পারার অপরাধবোধ আজও আমাকে পোড়ায়। বন্ধু, তুই ভালো থাকিস।
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়