
৬৮ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। ‘সাময়িক’ হতাশায় ভুগছেন কুমিল্লার চিরকুমার সমিতির সদস্যরা। স্বয়ং মন্ত্রী মহোদয় ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা। নিয়মানুযায়ী তাঁকে অব্যাহতিপত্র তুলে দেওয়ার কথা ছিল বিয়ের আসরে। কিন্তু সেটা নাকি কৌশলে না নিয়ে নিজের সদস্যপদ বহাল রেখেছেন তিনি!
অন্যদিকে মন্ত্রীর বিয়েতে আমন্ত্রণ পাননি চিরকুমার সমিতির কোনো সদস্য। তবে তাঁরাও বসে নেই। নতুন করে প্রধান উপদেষ্টা নিয়োগ করেছেন কদিন আগেই। এই পদে অভিষিক্ত হয়েছেন জমসের আলী সর্দার। বয়স ১০২। বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। সংগঠনটির সদস্যরা মনে করছেন, এই বয়সে নতুন উপদেষ্টার বিয়ে করার কোনো ‘আশঙ্কাই’ আর নেই! ফলে সমিতির কার্যক্রম চলবে নির্ঝঞ্ঝাটে।

প্রতিক্রিয়া
১০০ বছরের নিচের কাউকে আর বিশ্বাস করা যায় না। রেলপথমন্ত্রী আমাদের হতাশ করেছেন। তাঁর বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় আমরা ব্যথিত। অব্যাহতিপত্র পাওয়ার ভয়েই তিনি আমাদের আমন্ত্রণ জানাননি! অথচ সংগঠনের বিভিন্ন সদস্য, যাঁরা ইতিমধ্যে বিয়ে করেছেন, তাঁদের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে মন্ত্রী নিজেই অব্যাহতিপত্র তুলে দিয়েছেন এর আগে। তবে আশার কথা, নতুন প্রধান উপদেষ্টার বিয়ে করার কোনো আশঙ্কা দেখছি না।
মো. আজিজুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক, চিরকুমার সমিতি, কুমিল্লা
বিয়ের দাওয়াত পাইনি। তার পরও কায়মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।
বাবলু পাল, সভাপতি, চিরকুমার সমিতি, কুমিল্লা