
চট্টগ্রাম নগরে সড়ক ও রেললাইনের পাশে এবার পশুর হাট বসতে পারবে না। এটি নিশ্চিত করতে নগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরে পশুর হাট বসবে নয়টি।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে এবার পশুর হাটের সংখ্যা একটি বাড়ছে। নগরের হালিশহর বড়পোল এলাকায় এ হাট বসবে। স্থায়ী-অস্থায়ী মিলিয়ে নয়টি জায়গায় হাট বসবে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক বলেন, গতবারের তুলনায় বেশি দরে পাঁচটি অস্থায়ী হাট ইজারা দেওয়া হয়েছে। বাকি দুটির ইজারা সোমবার (আগামীকাল) সম্পন্ন হবে। স্থায়ী দুটি হাট সাগরিকা ও বিবিরহাট গত এপ্রিলে ইজারা দেওয়া হয়।
আহমুদুল হক বলেন, সড়কের ওপর ও রেললাইনের পাশে যাতে পশুর হাট বসতে না পারে, সে জন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, সড়কের ওপর ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগরের পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বৈঠক করবে নগর পুলিশ।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, পাঁচটি অস্থায়ী হাট থেকে করপোরেশনের আয় হয়েছে দুই কোটি ৭৫ লাখ ২১ হাজার ৬০৯ টাকা। গতবার পাঁচটি হাট থেকে আয় হয়েছিল দুই কোটি ৫১ লাখ পাঁচ হাজার ৭৭৭ টাকা।
অস্থায়ী হাটগুলো হচ্ছে : কর্ণফুলী (শাহ আমানত সেতুর পাশে), স্টিলমিল বাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ, সল্টগোলা বাজার, পোস্তাপাড় স্কুল মাঠ, হালিশহর বড়পোল ও কলম মহাজন হাট।