রেললাইন পাল্টে দেবে কক্সবাজারের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কথা হচ্ছে বেশ কয়েক বছর ধরে। অবশেষে আলোর মুখ দেখছে এই প্রকল্প। রেল যোগাযোগ স্থাপিত হলে পর্যটন, কৃষি ও চিংড়িশিল্পে নতুন বিনিয়োগ হবে। ঘুরে যাবে এই অঞ্চলের অর্থনীতির চাকা। এ কারণে একনেকের সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার খবর শুনে উচ্ছ্বাসে ভাসছে কক্সবাজারের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষজন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার সৈকত পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার এবং রামু থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম (মিয়ানমার সীমান্ত) পর্যন্ত আরও ২৮ দশমিক ৭৫ কিলোমিটার রেলপথ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এই পথে মিটারগেজ ও ব্রডগেজ—দুই ধরনের ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রথম ধাপে আগামী তিন বছরের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে ২০২২ সালে। ইতিমধ্যে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে।
বিভিন্ন জাতীয় দৈনিকে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর খুশির জোয়ার বইছে জেলাজুড়ে। প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ২০১১ সালের ৩ এপ্রিল কক্সবাজারের ঝিলংজা এলাকায় এই রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পটির উন্নয়নে ধীরগতি দেখা দেয়। এখন প্রকল্পটি তিন বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এতে জেলার ২৬ লাখ মানুষ খুশি। সৈকত পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হলে জেলায় উৎপাদিত পণ্য কমমূল্যে পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে পর্যটক আগমনও কয়েক গুণ বেড়ে যাবে।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, সমুদ্রসৈকত দেখার জন্য প্রতিবছর অন্তত ১৬ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। রেলপথ চালু হলে এর সংখ্যা তিনগুণ বেড়ে যাবে। তখন পর্যটন খাতে উন্নতির পাশাপাশি রেল খাতেও সরকারের কোটি কোটি টাকা আয় হবে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, ‘রেলপথ সম্প্রসারণ প্রকল্পের জন্য আমরা জেলার ২৬ লাখ মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। পর্যটনশিল্পের বিকাশের জন্য কক্সবাজার সৈকত পর্যন্ত রেলপথ তৈরি জরুরি ছিল।’
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘কক্সবাজার পর্যন্ত রেলপথ সম্প্রসারণ ছিল সময়ের দাবি। কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার এ কাজে আগ্রহ দেখায়নি। এ জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’
উখিয়ার বলাকা হ্যাচারির পরিচালক নজিবুল ইসলাম বলেন, কক্সবাজার উপকূলে স্থাপিত ৫৭টি হ্যাচারিতে প্রায় এক হাজার কোটি চিংড়িপোনা উৎপন্ন হয়। উৎপাদিত এই পোনা দিয়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানের তিন লাখ হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। ট্রাকে সরবরাহ করতে গিয়ে অক্সিজেনের সংকটে পড়ে প্রচুর পোনা মারা যায়। এ কারণে কার্গো বিমানে পোনা সরবরাহ করতে হচ্ছে। এতে পরিবহন খাতে বিপুল টাকা খরচ হচ্ছে। রেলপথ চালু হলে কম ভাড়ায় পোনা সরবরাহ করা যাবে।
এ ছাড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রেলপথ প্রকল্পটি বাস্তবায়িত হলে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডরে যুক্ত হবে বাংলাদেশ। ২৭টি দেশের সঙ্গে বাংলাদেশের রেল নেটওয়ার্ক তৈরি হবে।