দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে জেলার আটটি বেসরকারি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ৮ জানুয়ারি বেলা ১১টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে রেলমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি রেল ভবনে রেলমন্ত্রী সংবাদ সম্মেলন করে রেল বিভাগের উন্নয়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ঘোষণা করেছেন। এতে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি বাদ পড়েছে। অথচ গত বছর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসে দোহাজারী-কক্সবাজার রেললাইন সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল কাদের, প্রকৌশলী কানন পাল, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিম উদ্দিন, কোস্ট-ট্রাস্টের টিম লিডার মকবুল আহমদ প্রমুখ।