রেললাইনের ওপর দোকান!
পরশুরাম বাজারে ফেনী-বিলোনিয়া রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা চালাচ্ছেন এক প্রভাবশালী ব্যক্তি। কিন্তু স্থানীয় প্রশাসন এ ব্যাপারে নরীব ভূমিকা পালন করছে।পরশুরাম বাজারের স্টেশন রোডের কয়েকজন দোকানদার অভিযোগ করেন, কোলাপাড়া গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে ও উপজেলা ছাত্রদলের সদস্য মো. মামুন এ দোকানঘর নির্মাণ করেছেন। মো. মামুন স্থানীয় ছাত্রদলের নেতা। তিনি স্টেশন রোডের সাবেক উপজেলা বিএনপির কার্যালয়সংলগ্ন রেললাইনের ওপর মাটি ভরাট করে বিশাল দোকানঘর নির্মাণ করে স্টেশনারি দোকান ও পোল্ট্রি ফার্মের ব্যবসা চালাচ্ছেন।মো. মামুনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পরে অনুমতি নেওয়া হবে। তবে এই মুহূর্তে কোথাও দোকান ভাড়া না পাওয়ায় রেললাইনের ওপর ঘর নির্মাণ করে সাময়িকভাবে ব্যবসা করছি।’ তিনি আরও বলেন, ‘রেললাইন বন্ধ আছে, তাই কোনো সমস্যা হবে না। তবে স্থানীয় প্রশাসন বাধা দিলে সরিয়ে নেব।’ পরশুরাম বাজারে স্টেশন রোডে রেললাইনের ওপরই লম্বা আকৃতির ‘এন রকমারি স্টোর অ্যান্ড পোল্ট্রি’ নামের একটি দোকানঘর নির্মাণ করে বিনা বাধায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন। উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো বিনোদ কুমার চাকমা জানান রেললাইনের জায়গা এখনো রেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে, তাই উপজেলা ভূমি কার্যলয়ের কিছু করার নেই। জানা যায়, ১৯২৯ সালে ফেনী বিলোনিয়া রেল লাইনের যোগাযোগ শুরু হয়। ১৯৯৬ সালে লোকসানের অজুহাত দেখিয়ে এ লাইনটি বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকে শুরু হয় রেললাইনের দুই পাশের জমিসহ কোটি কোটি টাকার সম্পদ দখলের মহোৎসব। তবে পরশুরাম বাজারের প্রধান বাণিজ্যিক স্থানে এ রকম মূল্যবান জায়গা দখল করে দোকান বানানোর ঘটনা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে বলে স্থানীয় দোকানিরা জানিয়েছেন। পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান বলেন, রেললাইনের ওপর ঘর নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। স্টেশন রোডে রেললাইনের ওপর কেউ ঘর নির্মাণ করেছেন কি না, তাঁর জানা নেই। তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করবেন বলে জানান।