অবরোধ ও হরতালের কারণে চট্টগ্রাম বন্দর থেকে রেলপথে ঢাকার কমলাপুর ডিপোগামী কনটেইনারের সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। তবে এ মাসে হরতাল-অবরোধে রেলপথে পণ্য পরিবহনে ব্যাঘাত হয়নি। এ সময়ে প্রতিদিন রেলপথে কনটেইনার পণ্য পরিবহন হয়েছে। এ কারণে কনটেইনার সংখ্যাও কমে এসেছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তিও ফিরে আসছে।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে ঢাকামুখী কনটেইনার পণ্য রাখার চত্বরে ৮৭৬টি কনটেইনার রাখার জায়গা আছে। অবরোধের কারণে রেলপথে পণ্য পরিবহনে ব্যাঘাত হওয়ায় গত মাসে এই চত্বরে কনটেইনার রাখার ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। ফলে এই চত্বরে কনটেইনার ওঠানো-নামানো ও স্থানান্তরে ব্যাঘাত ঘটে। আবার জাহাজ থেকে কনটেইনার নামানোর পর সেটি ঢাকাগামী ট্রেনে তোলার জন্য দেড় থেকে দুই সপ্তাহ অপেক্ষা করতে হতো।
বন্দর সূত্রে জানা যায়, এক দশক ধরে ঢাকাগামী কনটেইনার চত্বরে জটের চিত্র ছিল স্বাভাবিক ঘটনা। বন্দর কর্তৃপক্ষ গত বছর ১৬ ফেব্রুয়ারি থেকে ঢাকাগামী কনটেইনার চত্বরে কনটেইনার রাখার মাশুল আরোপ করে। এর পর থেকে গত বছরের মার্চে ঢাকাগামী কনটেইনারের সংখ্যাও কমে যায়। তবে এই স্বাভাবিক অবস্থা বেশিদিন ছিল না। জাহাজ থেকে নামানোর পর ঢাকাগামী রেলে কনটেইনার তুলে দিতে কয়েক দিন হলেও অপেক্ষা করতে হতো।
বন্দরের পরিবহন বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অবরোধ সত্ত্বেও এ মাসে রেলপথে স্বাভাবিক সময়ের মতো কনটেইনার পরিবহন হয়েছে। ফলে ঢাকামুখী কনটেইনারের সংখ্যা নেমে এসেছে ৭৬টিতে। প্রতিদিন ১২০ থেকে ১৩০ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) পণ্য রেলপথে পরিবহন হচ্ছে। অর্থাৎ, এখন রেলপথে ঢাকায় কনটেইনার নেওয়ার জন্য আগের মতো বেশিদিন অপেক্ষা করতে হবে না।
বিকিএমইএ সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, রেলপথে পণ্য পরিবহনে সময় বেশি লাগে বলে ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হয়। তবে রেলপথে কনটেইনার পণ্য ঢাকায় নিয়ে যেতে সময় কম লাগলে ব্যবসায়ীরা লাভবান হবেন।