রেশমি গামছার ওড়না
গামছা তো গামছাই, সেটা দিয়ে আবার ফ্যাশন কী? গাড়ি মোছা, গৃহস্থালির কাজ। ভিজে চুল শুকিয়েই তো বেচারার অবস্থা কাহিল হয়ে যায়, এর মাঝে আবার কী? কিন্তু না, বাঙালির এ চিরন্তন ঐতিহ্যের কাপড়টিই এবার নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে ওড়না হিসেবে। এগুলো পাওয়া যাচ্ছে কয়েকটি ফ্যাশন হাউসে। প্রবর্তনার গামছা প্রিন্টের ওড়নাগুলো বানানো হয়েছে সিল্কের কাপড় দিয়ে। প্রবর্তনার ডিজাইনার শাহিদ হোসেন তুলে ধরলেন তাঁর ভাবনা। ‘সুতির গামছাগুলো ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। অন্যথায় ঘরের ভেতরে অন্য কাজে চলে যায়। সুতি কাপড় দিয়ে তৈরি গামছাগুলো অনেকে গুছিয়েও পরতে পারে না। সে জন্যই সিল্কের কাপড় দিয়ে করা হয়েছে।’ এখানে দুটি রঙের গামছা ওড়না পাওয়া যাচ্ছে। লাল-কমলার ঔজ্জ্বল্যে এবং সবুজ-নীলের গভীরতায়। এ প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা লাল ও কমলার ঔজ্জ্বল্য পছন্দ করেন না, তাঁরা অনায়াসে অন্য রঙের ওড়নাটি পরতে পারেন। গত বছর এক হাজার ৫০০ টুকরা গামছা বিদেশেও রপ্তানি করা হয়েছে বলে জানালেন তিনি। বাংলাদেশের ফ্যাশনেবল এ পণ্যটির চাহিদা বিদেশে বেশ। রাতের দাওয়াতে সালোয়ার-কামিজ বা কুর্তার সঙ্গে একদম মানানসই এটি। তবে এক রঙের কামিজের সঙ্গে পরলেই বেশি ভালো লাগবে বলে জানালেন তিনি। সবুজটি সাদা কমিজের সঙ্গে এবং কমলাটি কালো কামিজের সঙ্গে পরলে মানাবে ভালো। গলায় বা মাথায় স্কার্ফ হিসেবে পরলেও বেশ ভালো লাগবে। এ ছাড়া বিবি প্রোডাকশনেও পাওয়া যাবে গামছা ওড়না। এগুলো সুতি ও সিল্ক কাপড়ের মিশ্রণে বানানো। নিত্যদিনের ব্যবহারের জন্য এটি খুবই আরামদায়ক। স্কার্ফ হিসেবে পেঁচিয়ে নিলে দারুণ দেখাবে।