রেশমী ফিরে গেল মা-বাবার কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে আফসানা রেশমী  প্রথম আলো
মায়ের সঙ্গে আফসানা রেশমী প্রথম আলো

পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হওয়া শিশু আফসানা রেশমী (১০) শেষ পর্যন্ত মা-বাবার কাছে ফিরে গেছে। গত ২৮ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রাম-এ ‘বাড়ি ফিরতে চায় সুমি ও রেশমী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রেশমীর পরিবারের সদস্যরা কক্সবাজারে অবস্থিত বেসরকারি সংস্থা ইপসার সহায়তাকেন্দ্র শান্তনিলয়ে যোগাযোগ করে তাকে বাড়ি নিয়ে যান।
ইপসার কক্সবাজার প্রকল্প ব্যবস্থাপক মো. সিরাজ উদ্দিন বলেন, প্রথম আলোতে প্রকাশিত সংবাদের সূত্র ধরে রেশমীর মা আনোয়ারা বেগম ৯ ডিসেম্বর শান্তনিলয়ে আসেন এবং রেশমী তাঁর মেয়ে বলে জানান। তিনি জেলার চকরিয়া পৌরসভার চিরিঙ্গা চরপাড়ার বাসিন্দা।
পরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি মিজানুর রহমানের উপস্থিতিতে রেশমীকে মায়ের হাতে তুলে দেওয়া হয়।
গত ২০ নভেম্বর শান্তনিলয়ে গেলে রেশমী এই প্রতিবেদককে তার ছবি তুলে পত্রিকায় প্রকাশের অনুরোধ করে, যাতে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পায়। উল্লেখ্য, গত ১৮ আগস্ট মা ও ভাবির সঙ্গে চট্টগ্রাম থেকে চকরিয়ায় ফেরার পথে রেশমী হারিয়ে যায়। সেই রাতেই চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ পাচারকারীর খপ্পর থেকে রেশমীকে উদ্ধার করে শান্তনিলয়ে পাঠিয়ে দেয়।
তবে রেশমীর সঙ্গে থাকা অপর মেয়ে শিশু সুমির খোঁজে এখনো কেউ না আসায় সে পরিবারের কাছে ফিরতে পারেনি।