বড়দিনের বড় স্বাদ
বড়দিন উদ্যাপনে কেক, কুকিজ বানানো হোক বাড়িতে
এবার বড়দিন উদ্যাপনে দেখা যাবে ভিন্নতা। অনেক দেশে তো লকডাউন দেওয়ার পরিকল্পনাও চলছে। বাড়িতেই যখন থাকতে হবে, তখন বড়দিনের কেকও হোক বাড়িতে—সবাই মিলে। কেক, কুকিজ সবকিছুতেই থাকুক মজার স্বাদ। তেমন কিছু কেক–কুকিজের রেসিপি দিয়েছেন রেনিন্সস্ ঢাকা গুলশান হোটেলের পেস্ট্রি শেফ ফিলিপ গোমেজ।
দারুচিনির কুকিজ
উপকরণ: কাঠবাদামের পাউডার ২৫০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, দারুচিনিগুঁড়া ৫ গ্রাম, আইসিং সুগার ৫০ গ্রাম ও ডিম (সাদা অংশ) ৩টি।
সাজানোর জন্য: ডিমের সাদা অংশ ১টি ও আইসিং সুগার ৩০০ গ্রাম।
প্রণালি: প্রথমেই ডিমের সাদা অংশ বিট করে ফেনিয়ে নিন। এতে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে হবে, যেন আরও একটু জমাট হয়ে যায়। এখন বাকি উপকরণগুলো এক এক করে এই ডিমের মিশ্রণে দিয়ে মোটামুটি নরম একটি ডো বানাতে হবে। ডো ৩ ইঞ্চি পুরু করে বেলে রুটির মতো বানিয়ে নিন। ডিমের সাদা অংশ ও আইসিং সুগার দিয়ে একটি মিশ্রণ বানিয়ে হালকা করে ব্রাশ করে নিতে হবে এবং স্টার কুকি কাটার দিয়ে কেটে নিন। ওভেনে ১৫০ ডিগ্রিতে প্রি-হিট করে, একটি ট্রেতে বেকিং পেপার বিছিয়ে এর ওপর বিস্কুট সাজিয়ে ১০-১৫ মিনিট বেক করে নিন। রং বাদামি হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। এই কুকিজ ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়।
আদা–কমলার চকলেট কেক
উপকরণ: চকলেট মুজের জন্য: ডিমের কুসুম ২৪০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, পানি ১৬০ মিলিলিটার, ক্রিম ১০০ মিলিলিটার, জেলোটিন ১৫ গ্রাম, ডার্ক চকলেট ৭০০ গ্রাম, মিল্ক চকলেট ২০০ গ্রাম ও হুইপড ক্রিম ১ লিটার।
কমলার মুজের জন্য: ডিমের কুসুম ১৫০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, কমলার রস ৩৫০ মিলিলিটার, দই ৭৫০ মিলিলিটার, জেলোটিন ৫০ গ্রাম, হুইপড ক্রিম ১০৫০ মিলিলিটার ও খাবার কমলা রং ৩ গ্রাম।
কমলার গ্লেজের জন্য: সাদা চকলেট ৩০০ গ্রাম, জেলোটিন ৩০ গ্রাম, গ্লুকোজ (গুলানো) ১০০ মিলিলিটার, চিনি ৭০ গ্রাম, কনডেন্সড মিল্ক ১০০ মিলিলিটার ও খাওয়ার কমলা রং ১০ গ্রাম।
প্রণালি: একটি বাটিতে ডিমের কুসুম ও চিনি মিশিয়ে মিশ্রণ বানাতে হবে। এবার পানি দিয়ে ক্যারামেল বানিয়ে নিন। এরপর ক্রিম যোগ করে আরও ভালো করে মেশাতে হবে। এ পর্যায়ে প্রথমে চকলেট, হুইপড ক্রিম ও জিলোটিন যোগ করতে হবে। ফ্রিজে রাখতে হবে জমাট বাঁধার জন্য। আরও একটি বাটিতে ডিমের কুসুম, চিনি, দই, জেলোটিন, হুইপড ক্রিম ও কমলা রং দিয়ে আরেকটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার ফ্রিজ থেকে কেক বের করে কমলার গ্লেস লাগিয়ে পরিবেশন করুন।
একটি পাত্রে ক্রিম, চিনি ও গ্লুকোজ গরম করে মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণে মিল্ক চকলেট ও জেলোটিন দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। খাওয়ার রং দিতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে কেক সাজানোর জন্য অরেঞ্জ গ্লেজ।
রাসবেরি লেমন কেক
উপকরণ: লেমন ক্রিমের জন্য: ডিমের কুসুম ১০০ গ্রাম, মাখন ১০০ মিলিলিটার, চিনি ১০০ গ্রাম ও লেবুর রস ৮০ মিলিলিটার।
রাসবেরি মুজের জন্য: ডিমের কুসুম ৭৫ গ্রাম, চিনি ৮০ গ্রাম, গরম পানি ২৫ মিলিলিটার, সাদা চকলেট ৫০০ গ্রাম, হুইপড ক্রিম ৬০০ মিলিলিটার, রাসবেরি পিউরি ৪০০ মিলিলিটার ও জেলোটিন ২০ গ্রাম।
লাল চকলেট গ্লেজের জন্য: সাদা চকলেট ৩০০ গ্রাম, জেলোটিন ৩০ গ্রাম, গ্লুকোজ ৪০০ গ্রাম, চিনি ৭০ গ্রাম, হুইপড ক্রিম ১০০ গ্রাম, কনডেন্সড মিল্ক পরিমাণমতো ও খাবারের লাল রং ২০ গ্রাম।
প্রণালি: প্যানে ডিমের কুসুম, চিনি, মাখন ও লেবুর রস ভালো করে নেড়ে জ্বাল দিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। অন্য একটি বাটিতে ডিমের কুসুম ও চিনি ভালো করে ব্লেন্ড করে ফেনা করে নিন। এবার চকলেট গলিয়ে, ক্রিম মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। জেলোটিন ঠান্ডা পানিতে গুলিয়ে গরম করে নিন। ডিমের মিশ্রণে মিল্ক চকলেট ও জেলোটিন যোগ করতে হবে। পুরো মিশ্রণটি সুইস রোলের মতো করে পেঁচিয়ে চিনির সিরাপ দিতে হবে। একইভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক দিয়ে পেঁচিয়ে দিতে হবে। ফ্রিজে রাখতে হবে ১ ঘণ্টা জমার জন্য।
সাজানোর জন্য: একটি প্যানে কনডেন্সড মিল্ক, চিনি ও গ্লুকোজ গরম করে মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণে মিল্ক চকলেট ও জেলোটিন দিয়ে কিছুক্ষণ নাড়ুন। লাল খাবার রং দিতে হবে। তৈরি হয়ে গেল কেক সাজানোর জন্য গ্লেজ। এবার ফ্রিজ থেকে কেক বের করে চকলেট গ্লেস দিয়ে মুড়িয়ে রাখুন। আরও ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। জমে যাওয়ার পর সাজিয়ে পরিবেশন করুন।
ফলের কেক
উপকরণ: মাখন ৩৪০ গ্রাম, চিনি ৩৪০ গ্রাম, ডিম ৬টি, ময়দা ৪২০ গ্রাম, বেকিং পাউডার ১০ গ্রাম, মিক্সড ফ্রুটস ১৮৫ গ্রাম, লাল চেরি ১২৫ গ্রাম, কিশমিশ ১৮৫ গ্রাম ও ভ্যানিলা অ্যাসেন্স ১৫ মিলিলিটার।
সাজানোর জন্য: ডেকোরামা (সুগার পেস্ট) ২০০ গ্রাম, আইসিং সুগার ১৫০ গ্রাম ও স্ট্রবেরি জ্যাম ১০০ গ্রাম।
প্রণালি: প্রথমেই একটি বাটিতে মাখন ও চিনি মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর এক এক করে ডিম মেশান। ভ্যানিলা অ্যাসেন্স যোগ করুন।
এবার বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে নিন। ওভেন ১৬০ ডিগ্রিতে প্রি-হিট করে কেকের মিশ্রণ দিয়ে ৪০-৪৫ মিনিট বেক করে নিতে হবে। ৪৫ মিনিট পর নামিয়ে ঠান্ডা করে ডেকোরামা, আইসিং সুগার ও স্ট্রবেরি জ্যাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফলের ক্রিসমাস কেক।