‘রেস্তোরাঁর জন্য জায়গা খুব গুরুত্বপূর্ণ'
নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী সিয়ামুস তাহরিয়্যেশ। ঢাকার খিলগাঁওয়ে তাঁর তিন দরজাওয়ালা বিচিত্র রেস্তোরাঁ—থ্রি ডোরস। ছেলেবেলা থেকে ব্যবসা করার ‘শখ’ ছিল। শখ বাস্তবায়ন করতেই ছাত্রাবস্থায় ব্যবসা শুরু করেন তিনি।
সিয়ামুস বলছিলেন, ‘রেস্তোরাঁর জন্য জায়গা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজন আইসক্রিম বিক্রেতা যত কাস্টমার পান, তুখোড় মার্কেটিং করা বড়সড় রেস্তোরাঁগুলোও হয়তো এতটা পায় না। তাই জনসমাগম হয়, এমন কোথাও জায়গা পাওয়াই প্রথম কঠিন কাজ।’
পরিবারের কেউই আগে ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না। তাই মা-বাবার আস্থা অর্জন করতে সিয়ামুস তাহরিয়্যেশকে বেশ কষ্ট করতে হয়েছে। বৃত্তিসহ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েন তিনি। পড়ালেখায় ভালো রেজাল্ট করে বৃত্তি ধরে রাখা এবং টিউশন ফির বেঁচে যাওয়া টাকা ব্যবসায় বিনিয়োগ—এই ছিল তাঁর লক্ষ্য। লক্ষ্যে যেহেতু সফল হয়েছেন, তাই মা-বাবাও এখন আস্থা রাখেন ব্যবসায় প্রশাসনের এই ছাত্রের ওপর।
রেস্তোরাঁ ব্যবসা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কী, জানতে চেয়েছিলাম এই উদ্যোক্তার কাছে। বললেন, ‘পরিকল্পনা যতই করি না কেন, বাজেটের অতিরিক্ত খরচ হবেই। এটা নিশ্চিত। সে জন্য সব সময় বিকল্প হাতে রাখতে হয়। কখনো দেখা গেছে রেস্তোরাঁর কর্মী আসতে পারেনি, তখন আমি নিজেই খাবার পরিবেশনের কাজ করেছি। অবস্থা বুঝে ব্যবস্থা না নিতে পারলে ব্যবসা সামলানো কঠিন।’
ব্যবসায় নেমেই সিয়ামুস তাহরিয়্যেশ শিখেছেন, এখনকার সময়ে বিপণন বড় ভূমিকা রাখে। ঠিকঠাকমতো খাবারের ছবি তোলা, ফেসবুক পোস্ট ডিজাইন করা—এগুলো খাবারের স্বাদের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। অনলাইনে চোখ রেখেই তো মানুষ নতুন নতুন রেস্তোরাঁ আর খাবারের খোঁজ পান। তাই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে থ্রি ডোরসের সরব উপস্থিতি রাখার চেষ্টা করেন তিনি।
শুধু খাবারের সুন্দর ছবি পোস্ট করাটাই যথেষ্ট নয়। অনলাইনেই মানুষের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হয়। গ্রাহক কারা, জানতে হয়। গ্রাহকের মনস্তত্ত্ব বুঝতে হয়। ভালো রেজাল্ট ধরে রেখেই এসব সামাল দেন নর্থ সাউথের এই ছাত্র। বলছিলেন, ‘বড় অঙ্কের ডিসকাউন্ট দিলে হয়তো কয়েক দিনের জন্য অনেক কাস্টমার আসে। কিন্তু দিন শেষে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। মানসম্মত খাবার ন্যায্য দামে মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই নিজেকে সফল মনে করব।’