স্পেনের পুলিশ ১০০ জনের বেশি লোককে খুঁজছে, যাঁরা স্থানীয় এক রেস্তোরাঁয় ভূরিভোজ শেষে দাম পরিশোধ না করেই পালিয়েছেন।
ঘটনাটি গত সোমবারের। স্পেনের উত্তরাঞ্চলীয় বেমবিব্রের হোটেল কারমেনে সেদিন একদল লোক খাবারের ফরমাশ করেন। ভোজ শেষে ২ হাজার ১০০ মার্কিন ডলার না দিয়েই তাঁরা তড়িঘড়ি করে পালিয়ে যান।
রেস্তোরাঁর মালিক আন্তনিও রদ্রিগেজ বলেন, খাওয়ার সময়ও লোকগুলো নাচ-গান করছিলেন। তারপর এক মিনিটের মধ্যেই শতাধিক লোক বেরিয়ে গেলেন। কাউকে রেখে যাননি; একসঙ্গে সবাই যেন নিমেষে হাওয়ায় মিলিয়ে গেলেন। রেস্তোরাঁর কর্মীরা যে কাউকে আটকাবেন, সে উপায়ও ছিল না। একসঙ্গে এত লোকের সঙ্গে কিছু করা কঠিন।
রদ্রিগেজ বলেন, তাঁর ভাষায়, ‘ওরা শুরুতে ৯৫০ ডলার দিয়েছে। কিন্তু ২ হাজার ১০০ ডলার বাকি রেখে গেছে। ৩৫ বছর ধরে হোটেল ব্যবসা করছি। কিন্তু এ ধরনের ঘটনা দ্বিতীয়টি দেখিনি!’
ভোজনে অংশ নেওয়া লোকগুলো পূর্ব ইউরোপের কি না, সে প্রশ্নও উঠেছে। তবে পুলিশ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। শুধু বলেছে, তাঁরা স্পেনের নাগরিক নন।