রেস্তোরাঁয় নববর্ষের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল আগ্রাবাদে মিলবে ইলিশের নানা পদ
হোটেল আগ্রাবাদে মিলবে ইলিশের নানা পদ

বাংলা নববর্ষের আনন্দকে পূর্ণতা দিতে বাঙালি খাবারের পসরা সাজিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আর বনেদি রেস্তোরাঁগুলো। বাংলা নববর্ষের এই দিনকে উপলক্ষ করে বাঙালির খাবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
হোটেল আগ্রাবাদ: নগরের চার তারকা হোটেল আগ্রাবাদে নববর্ষ উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বৈশাখী খাদ্য উৎসব। খাবারের তালিকায় থাকছে সামুদ্রিক মাছসহ প্রায় ৬০ পদের বাঙালি খাবার। এ খাদ্য উৎসবে অংশ নিতে জনপ্রতি ভ্যাটসহ গুনতে হবে এক হাজার ২৯০ টাকা।
নববর্ষ উপলক্ষে হোটেল আগ্রাবাদ সাজছে নতুন সাজে। হোটেলের ইছামতি মিলনায়তনে আগামীকাল রাত আটটায় শুরু হবে সংগীত আয়োজন। গান করবেন মানিক ও নিশি। হোটেল আগ্রাবাদের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক মো. ইফতেখার শাফি বলেন, ‘নতুন বছরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।’
পেনিনসুলা: বৈশাখ উপলক্ষে নগরের আরেক চার তারকা হোটেল পেনিনসুলার অভ্যন্তর সাজানো হয়েছে গ্রামীণ সাজে। বৈশাখের প্রথম দিন থেকে এখানকার লেগুনা রেস্তোরাঁয় শুরু হচ্ছে বাঙালি খাবারের সাত দিনব্যাপী উৎসব। ৪০ পদের বাঙালি খাবারসহ রয়েছে বুফে খাবারের ব্যবস্থা। জনপ্রতি খরচ পড়বে এক হাজার ৩০০ টাকা।

স্যাফরন স্পাইসে স্বাদ নিতে পারেন আস্ত ইলিশের
স্যাফরন স্পাইসে স্বাদ নিতে পারেন আস্ত ইলিশের

স্যাফরন স্পাইস: নগরের আগ্রাবাদ এলাকার স্যাফরন স্পাইস রেস্তোরাঁয় ১০১ পদ দিয়ে সাজানো হয়েছে বৈশাখী খাবারের আয়োজন। ইলিশ পোলাও, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, সরিষা ইলিশ, দই ইলিশ কারি, ভাপা ইলিশ, আনারস ইলিশসহ শুধু ইলিশ মাছেরই ১০ পদের আয়োজন রয়েছে এতে। বুফে খাবারের ব্যবস্থা না থাকলেও এ রেস্তোরাঁয় ৩৭০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা পর্যন্ত বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। এখান থেকে ইচ্ছেমতো বেছে নেওয়া যাবে পছন্দসই প্যাকেজ। শুধু বাঙালি খাবার নয় এ রেস্তোরাঁয়, বৈশাখের প্রথম দিন মিলবে ভারতীয়, চায়নিজ ও থাই খাবার। স্যাফরন স্পাইস রেস্তোরাঁর পরিচালক এ বি এম সিদ্দিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রথমবারের মতো আমরা এত পদের বাঙালি খাবারের আয়োজন করেছি। আশা করছি, ঘরোয়া পরিবেশে এসব খাবার সবাই উপভোগ করবেন।’
ওয়েলপার্ক রেসিডেন্স: নববর্ষের দিনে নগরের জিইসি এলাকার ওয়েলপার্ক রেসিডেন্স আয়োজন করেছে বিশেষ বুফে লাঞ্চ ও ডিনারের। সেই সঙ্গে রয়েছে নববর্ষের গানের অনুষ্ঠান। হোটেল কর্তৃপক্ষ জানান, ১০১টি বাঙালি পদের বুফে খাবার পরিবেশন করা হবে দুপুর ও রাতে। দাম ধরা হয়েছে প্রতিজন ভ্যাটসহ এক হাজার টাকা। রাতের খাবারের আয়োজনের সঙ্গে থাকছে আল তুষি, মানিক ও সুইটির গান। এ ছাড়া বাঁশির সুর তো রয়েছেই।
অ্যাম্ব্রোশিয়া: বৈশাখ উপলক্ষে দুপুর ও রাতে আগ্রাবাদ এলাকার অ্যাম্ব্রোশিয়া রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে বুফে খাবারের। এখানকার বুফেতে থাকছে দেশি, থাই ও চায়নিজ মিলিয়ে মোট ১০১ পদের খাবার। দুপুরে ও রাতে খাবারের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক আয়োজন।
দুপুরের আয়োজনে গান করবেন ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ ও রাতে গান করবেন শিল্পী সন্দীপন। দুপুর ও রাতের বুফের খাবারের জন্য ভোজনরসিকদের গুনতে হবে এক হাজার ৫০০ টাকা।
রিভারভিউ: পতেঙ্গা বোট ক্লাবের রিভারভিউ রেস্তোরাঁয় রয়েছে বৈশাখী বুফে। নববর্ষের দিন দুপুর ও রাতের এই আয়োজনে থাকবে বাঙালি খাবারের ৬১ পদ। দাম এক হাজার টাকার মধ্যে।
পিটস্টপ: নগরের ইসপাহানী মোড়ের পিটস্টপ রেস্তোরাঁ বৈশাখ উপলক্ষে বিশেষ বুফে খাবারের ব্যবস্থা করেছে। রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. গোলাম রাব্বানী জানান, এবার তাঁরা পয়লা বৈশাখে বাংলা, থাই, চাইনিজ ও কনটিনেন্টাল মিলিয়ে প্রায় ৬০ পদের খাবারের আয়োজন করেছেন। এ ছাড়া এখানে থাকছে সকালে নাশতার ব্যবস্থা।