রেস্তোরাঁয় বৈশাখী খাবার
বাংলা নববর্ষ বরণে পয়লা বৈশাখ নগরের বিভিন্ন রেস্তোরাঁয় থাকবে রকমারি খাবারের আয়োজন। সাজসজ্জায়ও থাকবে বাঙালিয়ানার ছাপ। বাংলাদেশি খাবার দিয়ে বুফে লাঞ্চ ও ডিনারের সঙ্গে থাকছে সুরের মূর্ছনা। সিলভার স্পুন: ১৩ বছরে পা দেওয়া এই রেস্তোরাঁয় বৈশাখী আয়োজনে থাকছে বৈচিত্র্যময় খাবারের সমাহার। এখানে দুপুর ও রাতের বুফের আয়োজনে রয়েছে পান্তা ইলিশ, দেশি মাছ, ইলিশ খিচুড়ি, রকমারি দেশি ফলের শরবত, আমের আচার ও বিভিন্ন পিঠা-পায়েসের সমন্বয়ে ১০১ ধরনের পদ। সঙ্গে র্যাফল ড্র আর আবহমান বাংলা গান। কড়াই: নগরের আগ্রাবাদ এলাকার কড়াই রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে বৈশাখী উৎসব। এদের আয়োজনে রয়েছে দুপুরে এবং রাতে বুফে খাবার। খাবারের বিভিন্ন পদের মধ্যে রয়েছে পান্তা, সরিষা ইলিশ, ভর্তা, রূপচাঁদা, ইলিশ বিরিয়ানি ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। গান পরিবেশন করবেন হৈমন্তী রক্ষিত মান, বিথি ও ইকবাল মিন্টু। সর্বনিম্ন ৪০০ থেকে শুরু করে ৬০০ টাকা খরচ করে যে কেউ এ আয়োজনে অংশ নিতে পারেন।ওয়েলপার্ক রেসিডেন্স: নববর্ষের দিনে নগরের জিইসি এলাকার হোটেল ওয়েলপার্ক রেসিডেন্সে থাকবে বিশেষ খাবার ও নববর্ষের গানের অনুষ্ঠান। বাংলাদেশি ৮১ পদের বুফে খাবার পরিবেশন করা হবে দুপুর ও রাতের খাবারে। এতে থাকছে ১২ পদের ভর্তা, ছয় পদের শাক, সাত পদের মাছ, বিভিন্ন পদের মাংস, আচার, সালাদ ও ১৫ পদের ডেজার্ট। দাম ধরা হয়েছে প্রতিজন এক হাজার ২৫০ টাকা। তবে তিন থেকে আট বছর বয়সী শিশুদের জন্য ৬৫০ টকা। দুই বেলার খাবারের আয়োজনের সঙ্গে থাকছে গান। হোটেল আগ্রাবাদ: নগরের চার তারকা হোটেল আগ্রাবাদে নববর্ষ উদ্যাপনে বিশেষ বুফে খাবারের ব্যবস্থা করা হয়েছে। নববর্ষের দিনে হোটেল আগ্রাবাদে দুপুরে বুফে খেতে খরচ পড়বে ৬০০ টাকা। আর রাতের খাবার ৮০০ টাকার মধ্যে। এ ছাড়া হোটেল আগ্রাবাদের ইছামতি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সংগীতায়োজন। গান করবেন শিল্পী ন্যান্সি ও আরিফ। আর থাকবে র্যাফল ড্র। এই আয়োজনে অংশ নিতে গুনতে হবে দুই হাজার ৬০০ টাকা (একজন) ও চার হাজার ৮০০ টাকা (দুজন)। বোনানজা: বোনানজার আয়োজনে রয়েছে ৬০ পদের খাবারের বুফে। দুপুর ও রাতের খাবারের জন্য জনপ্রতি ৬৯০ এবং ছোটদের জন্য (৩ থেকে ১০ বছর) জনপ্রতি খরচ পড়বে ৫৯০ টাকা। রাতের খাবারে দেশীয় পদের সঙ্গে যুক্ত হবে বিভিন্ন পদের চাইনিজ খাবারও।পেনিনসুলা: নগরের চার তারকা হোটেল পেনিনসুলায় রয়েছে দুপুরে ও রাতে বুফে খাবার। অ্যাম্ব্রোসিয়া: বৈশাখ উপলক্ষে দুপুর ও রাতে আগ্রাবাদের হোটেল অ্যাম্ব্রোসিয়ায় রয়েছে বুফে খাবার। থাকছে দেশীয়, থাই ও চায়নিজ মিলিয়ে মোট ৬৬ পদের খাবার। দুপুরে আর রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন ফকির শাহাবুদ্দিন, ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ ও আলম আরা মিনু। খরচ পড়বে জনপ্রতি এক হাজার ২০০ টাকা।পিটস্টপ: নগরের ইস্পাহানি মোড়ের পিটস্টপ রেস্তোরাঁ বৈশাখ উপলক্ষে বিশেষ বুফে খাবারের ব্যবস্থা করেছে। বাংলা, থাই ও চায়নিজ মিলিয়ে প্রায় ৬০ পদের খাবারের আয়োজন করেছেন। দাম পড়বে ৮৫০ টাকার মধ্যে।লর্ডস ইন: পয়লা বৈশাখে ৮১টি দেশীয় পদের খাবার পরিবেশনের মাধ্যমে দুপুর ও রাতের বুফে খাবারের আয়োজন করেছে হোটেল লর্ডস ইন। এতে জনপ্রতি খরচ পড়বে ৮০০ টাকা।মেরিডিয়ান: মেরিডিয়ানে ৫০ আইটেম নিয়ে খাবারে থাকছে বৈচিত্র্য। রয়েছে দুপুরে ও রাতের বুফে আয়োজন।