রোগীদের দুর্ভোগের কারণ তবলছড়ি হাসপাতাল সড়ক

একসময় সড়কটি দিয়ে জিপ, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করত। তবে এখন পিচঢালাই উঠে গিয়ে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় কেবল মোটরসাইকেল চলাচল করে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্নাল ও তবলছড়ি এই দুই ইউনিয়নজুড়ে বিস্তৃত তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক হাসপাতাল সড়ক নামে পরিচিত। উপজেলার তবলছড়ি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য রোগীরা এই সড়ক ব্যবহার করেন। সড়কের বেহাল দশার কারণে চিকিৎসা নিতে এসে দুর্ভোগে পড়ছেন রোগীরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সড়কটির এক কিলোমিটার পড়েছে উপজেলার বর্নাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। বাকি দুই কিলোমিটারের অবস্থান তবলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। বর্নাল ইউনিয়নের ডাকবাংলো থেকে তবলছড়ি হাসপাতাল পর্যন্ত বিস্তৃত এই সড়কে পিচঢালাই করা হয়েছিল ১০ বছর আগে ২০০৬ সালে। বর্তমানে পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এতে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
১০ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, পিচঢালাই উঠে গিয়ে তিন কিলোমিটার সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ছোট-বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি।
সড়কের আশপাশের এলাকার লোকজন অভিযোগ করে বলেন, এই সড়কেই রয়েছে তবলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, একটি প্রাথমিক বিদ্যালয়, তবলছড়ি খাদ্য অধিদপ্তরের কার্যালয়, বিজিপি ক্যাম্প ও আটটি গ্রাম। দেওয়ানপাড়া, মাস্টারপাড়া, কদমতলী, মক্তবপাড়া, হাসপাতালপাড়া, করিম মাস্টারপাড়া, বড়বিল, মংজাই কার্বারিপাড়া এলাকার ১১ হাজার বাসিন্দা এই সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কে এখন কেবল মোটরসাইকেল চলাচল করে। রাস্তা খারাপ হওয়ায় মোটরসাইকেলের চালকেরা ভাড়াও বেশি হাঁকেন যাত্রীদের কাছ থেকে।
ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক আবু তাহের ও আবু জাফর বলেন, সড়ক বেহাল হওয়ার কারণে প্রতিদিনই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। যন্ত্রাংশ মেরামতের টাকা চালকেদের পকেট থেকে দিতে হয়। বাড়তি এই টাকা চালকেরা যাত্রীদের কাছ থেকে আদায় করেন।
মংজাই কার্বারি পাড়ার বাসিন্দা থৈলাপ্রু মারমা বলেন, ‘এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের কষ্টের সীমা থাকে না। আমাদের উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। পাইকারি ব্যবসায়ীরাও আসেন না গাড়ি না চলায়। অনেক সময় জমিতেই শাকসবজি নষ্ট হয়ে যায়।’
বর্নাল ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। অনেকে আশ্বাস দিলেও সংস্কার কাজ এখনো শুরু হয়নি।’
তবলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুুল কাদের বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের এত বড় বাজেট নেই। এলজিইডি কর্তৃপক্ষ এটি সংস্কার করবে।’
খাগড়াছড়ি প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল হক বলেন, ‘বর্তমানে এই সড়কটি সংস্কার করার কোনো প্রকল্প নেই। তবে আগামী অর্থবছরে সড়কটি সংস্কার করা হবে।’