রোগীদের ভরসার স্বাস্থ্যকেন্দ্রটিতে নেই বিদ্যুৎ ও পানি
স্বাস্থ্যকেন্দ্রটিতে বিদ্যুৎ ও পানির সমস্যা রয়েছে। পাঁচ গজ দূরে বিদ্যুতের খুঁটি থাকলেও বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়নি। গত বছর বিকল হয়ে পড়া নলকূপটিও মেরামত করা হচ্ছে না। তবু ভালো সেবা পান বলে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রসূতি ও গর্ভবতী নারীরা দূরদূরান্ত থেকে এখানে আসেন। কেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ২৫-৩০ জন রোগী চিকিৎসাও নেন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের চিত্র এটি। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আন্তাহাপাড়ায় অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রে একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, দুজন পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
গত ২৪ জুলাই ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেশ কয়েকজন নারী এসেছেন চিকিৎসা নিতে। প্রসববেদনা ওঠায় হানাতি ত্রিপুরাকে এই কেন্দ্রে নিয়ে এসেছেন তাঁর আত্মীয়স্বজন। তিনি বললেন, থানচিতে তাঁর বিয়ে হয়েছে। কিন্তু নোয়াপতং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সেবা ভালো বলে তিনি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে এসেছেন।
সেবা নিতে আসা আরেকজন রোগী আলপনা তঞ্চঙ্গ্যা বলেন, চিকিৎসক ছাড়া কর্মচারীরা সবাই কেন্দ্রে থাকেন। এ জন্য এলাকাবাসীর সুবিধা হয়েছে। এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হলেও তাঁরা দ্রুত জেলা সদরে ভালো চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা সুনন্দা তঞ্চঙ্গ্যা জানান, প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন রোগী সেবা নিতে আসেন। মে থেকে জুলাই পর্যন্ত সাতজন গর্ভবতী মায়ের সন্তান প্রসব হয়েছে এখানে। কাউকে উপজেলা বা জেলা সদরে পাঠাতে হয়নি। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে সবচেয়ে সমস্যা পানি ও বিদ্যুৎ না থাকা। সন্তান প্রসব ও অনেক জরুরি চিকিৎসার সময় পানি না হলে চলে না।
সুনন্দা বলেন, স্বাস্থ্যকেন্দ্রের তিনতলা ভবন থেকে পাঁচ গজ দূরেই বিদ্যুতের খুঁটি। কিন্তু কেন্দ্রটি থেকে গেছে অন্ধকারে। বিকল নলকূপটি মেরামত করলে সহজে পানি সমস্যাও সমাধান করা যায়। বারবার কর্তৃপক্ষের কাছে বলার পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পানি ও বিদ্যুৎ থাকলে রোগীরা আরও ভালো সেবা পেতেন বলে তিনি মন্তব্য করেন।
বান্দরবানের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উ খ্যে উইন বলেন, বিদ্যুৎ ও পানির বিষয়টি তাঁকে জানানো হয়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন।