রোগে ভুগে মারা গেল শোভারানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপুষ্টিতে ​ভুগে মারা গেছে হস্তিশাবক শোভারানি l প্রথম আলো
অপুষ্টিতে ​ভুগে মারা গেছে হস্তিশাবক শোভারানি l প্রথম আলো

এক মাস অপুষ্টিজনিত রোগে ভুগে মারা গেল হাতির বাচ্চা শোভারানি। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের এই হাতিটি গত শনিবার দিবাগত রাত একটার দিকে মারা যায়।
পার্ক সূত্র জানায়, গত ৬ মার্চ খাগড়াছড়ির বাঘাইহাটের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের কাঠ আহরণ ইউনিট থেকে দুটি হাতির বাচ্চা চকরিয়ার সাফারি পার্কে আনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। হাতিগুলোর একটির নাম শোভারানি ও অন্যটির নাম বনরানি। দুটির বয়স আনুমানিক পাঁচ বছর, ওজন ৫০০ কেজি এবং উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি। এ দুটি হাতির বাচ্চা সাইপ্রাসের পাফোস বার্ড অ্যান্ড অ্যানিমেল পার্কে পাঠানোর কথা ছিল। আগামী ১৫ মে তাদের বাংলাদেশ ছেড়ে যাবার কথা ছিল। তার আগেই একটি হাতির মৃত্যু হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বন্যপ্রাণী বিনিময় চুক্তির আলোকে সাইপ্রাসে বাংলাদেশ থেকে দুটো বাচ্চা হাতি প্রেরণের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে বাঘাইহাট থেকে দুটি হাতির বাচ্চা সাফারি পার্কে আনা হয়। সেখানে বন্যপ্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডে তাদের লালন পালন করা হচ্ছিল।
সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, পার্কে আনার পর শোভারানি অসুস্থ হয়ে পড়লে ১৭ মার্চ চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকেরা জানান, শোভারানি অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাতে মারা যায়। সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুল হক, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এসিএফ আবদুর রহমান ও পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান মারা যাওয়া হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন। এরপর হাতির মরদেহ পার্কের খালি জায়গায় গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়।