রোজা ঘিরে বাড়ছে ভোগ্যপণ্যের আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* দাম কমেছে গম ও ভোজ্যতেলের * বন্দরে এখন ২১টি বড় জাহাজ থেকে ভোগ্যপণ্য খালাস হচ্ছে * গত জানুয়ারি মাসে ছোলা এসেছে ২৭ হাজার মেট্রিকটন

রোজা সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে খাদ্যশস্যসহ ভোগ্যপণ্যের আমদানি বাড়ছে। চলতি মার্চ থেকে আগামী মে মাসে রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত ভোগ্যপণ্যের আমদানি বাড়ার ধারা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে কমেছে গমের দাম। পাইকারি বাজারে গমের (কানাডার ভালো মানের) দাম মণপ্রতি ১০০ টাকা কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার পাশাপাশি আমদানি অব্যাহত থাকায় কমেছে ভোজ্যতেলের দামও। এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে কেজিপ্রতি পামতেলের দাম ৫ ও সয়াবিন তেল প্রায় ১০ টাকা কমেছে।
পণ্য আমদানি বাড়ার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা বলছেন, মে মাসের শেষ সপ্তাহে রোজা শুরু হবে। এখন বিশ্ববাজারে ভোজ্যতেল, গমসহ বেশির ভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকলেও রোজার এক মাস আগে বাড়তি চাহিদার কারণে বিশ্ববাজারে এসব পণ্যের দামও তুলনামূলক বেড়ে যায়। এ কারণে দাম বাড়ার আগে এসব পণ্য আগেভাগে আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। বন্দরে আনার পর এসব পণ্য প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে পণ্যভেদে অন্তত ১৫ দিন থেকে এক মাস সময় লাগে।
ভোগ্যপণ্য আমদানিকারক বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, মূলত এ মাস থেকে রোজার পণ্য আমদানির প্রক্রিয়া শুরু হচ্ছে। এখন বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম সহনীয় থাকায় গতবারের চেয়ে পণ্য আমদানির পরিমাণও সম্প্রতি বেড়েছে।
বন্দর সূত্রে জানা যায়, বন্দরে এখন ২১টি বড় জাহাজ থেকে ভোগ্যপণ্য খালাস হচ্ছে। এসব জাহাজে প্রায় ১০ লাখ টন মটর, মসুর ডাল, অপরিশোধিত চিনি, ভোজ্যতেল ও লবণ রয়েছে। এসব পণ্য খালাস শেষ হতে মার্চের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ পর্যন্ত লাগবে। এ ছাড়া কনটেইনারে করেও ছোলাসহ ডালজাতীয় পণ্য আমদানি বেড়েছে। গত জানুয়ারিতে ছোলা এসেছে ২৭ হাজার মেট্রিকটন। স্বাভাবিকভাবে প্রতি মাসে ছোলা আমদানি হয় ১০ হাজার মেট্রিকটন। এসব পণ্য আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, টিকে গ্রুপ, বিএসএম গ্রুপ ও আমান গ্রুপ।
বন্দরে অবস্থান করা জাহাজের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে গম। বন্দরের জাহাজের তথ্য অনুযায়ী, মোট ১১টি জাহাজে প্রায় ৬ লাখ টন গম আমদানি হয়েছে। কাস্টমসের হিসাবে, গত জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে গম আমদানি হয়েছিল ২৮ লাখ টন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৮ লাখ টন বেশি। চালের দাম বাড়তি থাকায় গমের ব্যবহার বেড়েছে। যে কারণে গম আমদানিও বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
গত কয়েক মাসে চিনি আমদানি কমে এলেও এখন বন্দরে একসঙ্গে ৪টি জাহাজ থেকে চিনি খালাস হচ্ছে। এই ৪টি জাহাজে চিনি আনা হয়েছে ২ লাখ ১৯ হাজার টন। এসব চিনি এনেছে পরিশোধন কারখানার মালিকেরা। বন্দরের তথ্য অনুযায়ী, এর আগে প্রতি মাসে গড়ে পৌনে দুই লাখ টন করে চিনি আমদানি হয়েছে।
বন্দরে এ মুহূর্তে ভোজ্যতেলবাহী দুটি জাহাজ থেকে খালাস হচ্ছে। এ দুই জাহাজে ভোজ্যতেল রয়েছে ২০ হাজার টন।
এ দুটিসহ ফেব্রুয়ারি মাসে ১২ জাহাজে ভোজ্যতেল আমদানি হয়েছে ১ লাখ ৭০ হাজার টন। এর মধ্যে ৮৭ হাজার টনই অশোধিত সয়াবিন তেল। এর আগে প্রতি মাসে দেড় লাখ টন করে ভোজ্যতেল আমদানি হয়েছে।
কনটেইনারের পাশাপাশি বন্দর দিয়ে বড় জাহাজে করে মসুর ও মটর ডাল আমদানি হচ্ছে। বন্দরে এখন তিন জাহাজে এক লাখ নয় হাজার টন মটর ও মসুর ডাল আমদানি হয়েছে। এর আগে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ডালজাতীয় পণ্যের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯২ হাজার টন বেড়েছে।