রোজায় ব্যায়াম করবেন কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজায় হালকা ব্যায়াম করা যেতে পারে। মডেল: কুমকুম হাসান। ছবি: অধুনা
রোজায় হালকা ব্যায়াম করা যেতে পারে। মডেল: কুমকুম হাসান। ছবি: অধুনা

অনেকেই মনে করেন, রোজা রেখে শরীরচর্চা করা যাবে না। বিশেষজ্ঞদের মতামত হলো, রোজা রেখেও শরীরচর্চা করা যেতে পারে। অবশ্য শরীরচর্চা কোন সময়ে করা হচ্ছে এবং কতটা সময় ধরে করা হচ্ছে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ বলেন, ‘রোজার সময় শরীরচর্চা সকালের দিকেই করা উচিত। তবে খুব বেশি ভারী ব্যায়াম করা না করাই ভালো। হালকা কোনো যোগব্যায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন।’

যাঁরা নিয়মিত হাঁটেন
যাঁদের নিয়মিত হাঁটার অভ্যাস, তাঁরা সকালের দিকেই কিছুক্ষণ হাঁটতে পারেন। রোজা রেখে বিকেলের দিকে না হাঁটাই ভালো, বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা বিকেলে হাঁটবেন না। কারণ, এ সময় রক্তে শর্করার পরিমাণ কমে যায়।

ব্যায়াম করতে চাইলে
রোজার সময় হালকা ব্যায়াম করা উচিত। যে ব্যায়ামগুলো করলে খুব বেশি ঘাম হয়, সেগুলো এ সময় না করাই ভালো। খুব বেশি সময় ধরে ব্যায়াম করবেন না। ব্যায়াম করার পর শরীরের ঘাম মুছে ঠান্ডা জায়গায় থাকুন।

ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করার অভ্যাস থাকলে সকালের দিকেই যান। কিছু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। খুব বেশি ভারী ওজন তুলে ব্যায়াম করা উচিত হবে না। এ সময় ব্যায়াম প্রসঙ্গে পারসোনা হেলথের প্রধান প্রশিক্ষক ফারজানা খানম বলেন, নিয়মিত যাঁরা জিমে বা ব্যায়ামাগারে যান, তাঁরা রোজার সময় কার্ডিও-অ্যাক্টিভিটি করতে পারেন। তবে ব্যায়াম করলে এ সময় মাংসপেশিতে টান পড়তে পারে, তাই খুব বেশি ভারী ব্যায়াম করবেন না।


খেতেও হবে ঠিকঠাক

রোজার সময় যাঁরা ব্যায়াম করতে চান, তাঁদের খাদ্যতালিকা থেকে শর্করাজাতীয় খাবার বাদ দিলে চলবে না। ইফতার, রাতের খাবার এবং শেষরাতের খাবারে শর্করাজাতীয় খাবার অবশ্যই রাখবেন। এমন খাবার খাবেন, যা থেকে দ্রুত ক্যালরি পাওয়া যায়। বয়স, উচ্চতা ও ব্যায়ামের মাত্রা অনুসারে ক্যালরির পরিমাণ নির্ধারণ করা উচিত।
রাতে পর্যাপ্ত পানি পান করুন। চাইলে ইফতারের পানীয়তে একটু লবণ মিশিয়ে নিতে পারেন।
গ্রন্থনা: রাফিয়া আলম