রোদ থেকে চোখ বাঁচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোদচশমা রোদ থেকে চোখ বাঁচায়
রোদচশমা রোদ থেকে চোখ বাঁচায়

বাইরে বের হওয়ার আগে এখন আমরা নানা রকম প্রস্তুতি নিই। সানস্ক্রিন লোশন ব্যবহার, রোদচশমা পরা আরও কত কী! এসব করার একটাই কারণ—সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে বাঁচানো। বিশেষ করে চোখকে। চোখ রক্ষায় যথাযথ প্রস্তুতি না নিলে সমস্যা হতে পারে। এসব সমস্যার ব্যাপারে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক এস এ ওয়াদুদ। তিনি বলেন, এসব সমস্যার মূল কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি। যাঁরা দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় রোদে কাজ করে থাকেন, তাঁদের এ সমস্যাগুলো হয়ে থাকে।

কী কী সমস্যা হতে পারে?
চোখে আলো পড়লে তাকাতে না পারা এবং রোদে কাজ করার পর চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এ ছাড়া, চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা দীর্ঘ সময় রোদে কাজ করেন, তাঁদের মধ্যে চোখে ছানি পড়া এবং চোখের ভেতরে মাংস বেড়ে যাওয়ার (টেরিজিয়াম) সমস্যা বেশি হয়।


কী করে বুঝবেন চোখের ক্ষতি হচ্ছে কি না?
চোখ লাল হয়ে যেতে পারে। চোখের কর্নিয়ায় সমস্যা হলে চোখে ব্যথা অনুভব করতে পারেন। দীর্ঘদিন পরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। কোনো একটি বস্তুর প্রকৃত আকারকে আঁকাবাঁকা মনে হতে পারে।


রোদ থেকে চোখ বাঁচাতে

রোদচশমা ছাড়া বাইরে যাওয়া যাবে না। তবে সাধারণ রোদচশমা চোখকে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে পারে না। তাই অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করবে, এমন রোদচশমা ব্যবহার করতে হবে। আর অবশ্যই এমন রোদচশমা ব্যবহার করবেন, যেন তা আপনার পুরো চোখকে সুন্দরভাবে ঢেকে রাখে।
নিজের চোখের ব্যাপারে হতে হবে সচেতন। বাইরে কাজ করলেও যেদিকে রোদ বেশি পড়ছে, তার উল্টো দিকে থাকার চেষ্টা করুন। আর সরাসরি রোদের দিকে না তাকানোই ভালো।
এমন দিনে বাইরে বের হওয়ার আগে ছাতা নিতে ভুলবেন না। ছাতা আপনার চোখকে সূর্যের সরাসরি রশ্মি থেকে রক্ষা করবে। তবে আমাদের চারপাশ থেকে প্রতিফলিত হয়ে সূর্যের যেসব রশ্মি চোখের ক্ষতি করে, সেগুলো থেকে বাঁচতে রোদচশমার বিকল্প নেই।
যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ সেবন, মলম বা ড্রপ ব্যবহার করবেন না৷