রোবট নিয়ে রোবকনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পুনেতে অনুষ্ঠিত এবিইউ রোবকন-২০১৪ প্রতিযোগিতায় চুয়েট দল
ভারতের পুনেতে অনুষ্ঠিত এবিইউ রোবকন-২০১৪ প্রতিযোগিতায় চুয়েট দল

রোবট—অনুভূতিহীন, নিষ্প্রাণ। কিছু যান্ত্রিক সন্নিবেশ আর কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে আজ্ঞা পালনই তার কাজ। এই যান্ত্রিকতার বেড়াজালে রোবটকে কতটা মানবিক করা যায়, এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। প্রতিনিয়তই বের হয়ে আসছে নতুন কিছু।
কিন্তু অতৃপ্ত রোবট–বিজ্ঞানীরা এতেই ক্লান্ত নয়, তঁাদের চাই আরও নতুন কিছু। এর ধারাবাহিকতায় ভারতের পুনেতে অনুষ্ঠিত হলো এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন আয়োজিত এবিইউ রোবকন-২০১৪ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থী। দলের সদস্যরা হলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবির হুসাইন, মানস চক্রবর্তী ও তড়িৎকৌশল বিভাগের রাজিব হাসান। দলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজলচন্দ্র বণিক।
আ স্যালুট টু প্যারেন্টহুড প্রতিপাদ্যে গত ২২ আগস্ট থেকে ভারতের পুনেতে অনুষ্ঠিত হয় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা। এতে বিশ্বের ১৬টি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখেই নির্ধারণ করা হয় এর বিষয়বস্তু। প্রতিটি দল দুটি রোবট নিয়ে অংশ নেয় প্রতিযোগিতায়। এর মধ্যে একটি অভিভাবক রোবট (ফাদার) অপরটি সন্তান রোবট (চাইল্ড)। অভিভাবক রোবটের প্রথম কাজ ছিল সন্তান রোবটটিকে একটি নির্দিষ্ট খেলার আঙিনায় ছেড়ে দেওয়া। এরপর সন্তান রোবট খেলা সম্পন্ন করে এবং অভিভাবক সন্তানকে নিরাপদে উদ্ধার করে। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিটি দল সময় পায় তিন মিনিট করে। প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ সম্পাদন এবং রোবট কর্তৃক গৃহীত সময়ের ওপরে নির্ভর করেই বিজয়ী দল নির্ধারণ করা হয়। এতে বিজয়ী ভিয়েতনাম এবং রানার্সআপ জাপানের একটি দল।
বিজয়ীদের কাতারে দাঁড়াতে না পারলেও এ রকম প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটাকে ভবিষ্যতে বিজয়ের অনুপ্রেরণা মনে করছেন এই এ তরুণ রোবট–বিজ্ঞানীরা। সাবির হুসাইন বলেন, ‘অনেকেই তঁাদের সন্তানদের নিয়ে রোবট প্রতিযোগিতা দেখতে এসেছেন। আমরা চাই আমাদের দেশেও রোবট শুধু শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ না থেকে সাধারাণ মানুষের বিনোদনের মাধ্যম হোক।’
সাবিরের সঙ্গে যোগ করেন রাজিব হাসানও। তিনি বলেন, ‘আমাদের দেশে রোবট তৈরির ব্যাপারটা এখনো শখের পর্যায়ে রয়ে গেছে। বাংলাদেশে রোবট প্রযুক্তির মাধ্যমে মানবকল্যাণে কাজ করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’ আর মানস চক্রবর্তীর স্বপ্ন বাংলাদেশেও রোবট নিয়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা, যার মাধ্যমে সব মানুষের মধ্যে রোবট বিষয়ে সচেতনতা বাড়বে।