রোবটের প্রতি ভালোবাসা!
দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে রোবট তৈরিতে বুঁদ হয়ে আছেন একদল তরুণ। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় তাঁরা অংশ নিচ্ছেন। রোবটিকসপ্রেমী এই শিক্ষার্থীদের কোনো আবিষ্কার হয়তো শিগগিরই পুরো বিশ্বকে চমকে দেবে!

চমকে যাওয়ার মতো একটা তথ্য দিয়েই শুরু করি। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির একদল গবেষক দাবি করেছেন, ২০২৫ সালের মধ্যে পৃথিবীর ২৩ শতাংশ শ্রমিকের স্থান দখল করে নেবে রোবট! ২১টি দেশের শিল্পকারখানা আর অফিসগুলোর প্রতিদিনের কার্যক্রম বিশ্লেষণ করে তাঁরা এই মন্তব্য করেছেন।
রোবটিকসের আসন্ন উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই বোধ হয় বেড়েছে রোবটিকস প্রতিযোগিতার ডামাডোল। লক্ষ্য একটাই, শিক্ষার্থীদের যতটা সম্ভব এই বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা। পিছিয়ে নেই বাংলাদেশের ছাত্রছাত্রীরাও। কোথাও সংখ্যায় কম, কোথাও বেশি। কিন্তু প্রায় সব বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের এমন ছোট ছোট দল গড়ে উঠেছে, যাঁরা রোবট তৈরিতে বুঁদ হয়ে আছেন। রোবট নিয়েই কেন এই আগ্রহ, সাফল্য, সম্ভাবনা—এসব বিষয়ে কথা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবটিকসপ্রেমী শিক্ষার্থীদের সঙ্গে।
ছোটবেলায় ব্যাটারিচালিত খেলনা নিয়ে খেলতে খেলতেই রোবটিকসের প্রতি আগ্রহী হয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিফাত। বুয়েটে এসে যখন সাহচর্য পেলেন সিনিয়র দুই ভাই বুয়েট এক্সপোনেনশিয়াল দলের আবুল আল আরাবী ও খালেদ বিন মইনুদ্দীনের, সিফাতের আগ্রহের পালে হাওয়া লাগল। টেককৃতি, টেকফেস্টের মতো ভিনদেশি রোবটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এক্সপোনেনশিয়াল দলের নামডাক তখন সবার মুখে মুখে। দেখেই আগ্রহ আরও বেড়ে গিয়েছিল সিফাতদের দল বুয়েট ফায়ারফ্লাইসের। দিন-রাত পরিশ্রম করেছেন। পরের বছরই ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) আয়োজিত টেককৃতিতে আলো ছড়িয়েছে বুয়েটের ‘জোনাকি’ দল—ফায়ারফ্লাইস! এশিয়ায় সেরার মুকুট ছিনিয়ে এনেছে তারা। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের প্রতিযোগিতায় এমন অনেক ছোট-বড় সাফল্যের গল্প জমা আছে রোবটপ্রেমী শিক্ষার্থীদের ঝুলিতে।

রোবটিকসে আগ্রহ
‘আগে রোবটিকস প্রতিযোগিতা হতো হাতে গোনা। এখন সেই সংখ্যাটা অনেক বেড়েছে।’ বলছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাস্ট অপটিমিস্টিক দলের সাখওয়াত হোসেন। রোবটিকস নিয়ে জানার ও প্রয়োগ করার সুযোগও আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন বুয়েটের খালেদ বিন মইনুদ্দীন। একই সুর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফাতিন হাসনাত চৌধুরীর কণ্ঠে। বললেন, ‘একটা সময় ছিল যখন সবাই শুধু বই পড়েই শিখত। তা ছাড়া আগে রোবটিকসে কাজ শেখা একটু কঠিন ছিল। এখন অনেকেই এক-দুই দিনের ওয়ার্কশপ করাচ্ছে। ঢাকায় এই ক্ষেত্রে টেকশপবিডি আর রোবটেকশপ ডট কম ভালো ভূমিকা রাখছে।’ এ ছাড়া সাইফাই সিনেমার প্রতি আকর্ষণও রোবটিকসে আগ্রহ বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন এই তরুণেরা।
বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. আশিকুর রহমান বলেন, ‘প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীরা সব সময় বিভিন্ন উদ্ভাবনের নকশা তৈরি করে। রোবটিকসের সুবিধা হলো, নকশার বাস্তবিক রূপটা দেখা যায়। নিজের আবিষ্কৃত রোবট দেখে শিক্ষার্থীরা আগ্রহী হয়। সিনিয়ররা জুনিয়রদের শেখায়। এভাবেই আস্তে আস্তে একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে।’
রোবটিকসের গুরুত্বের কথা ভেবেই বাইরের দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে রোবটিকস নিয়ে স্বতন্ত্র বিভাগ চালু হয়েছে। কোথাও কোথাও আলাদা কোর্স আছে। পারডু ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি অব জর্জিয়া, সাউথ ক্যালিফোর্নিয়ার মতো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভারতের আইআইটি, এনআইটি, পিএসজি কলেজ অব ইঞ্জিনিয়ারিংসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কোর্স চালু আছে। সেই তুলনায় কিছুটা পিছিয়ে আছি আমরা। যন্ত্রকৌশল, কম্পিউটার কৌশল কিংবা তড়িৎ কৌশল পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের আগ্রহেই রোবটিকস নিয়ে কাজ করছেন।
দেশের কয়েকটি বিশ্ববিদ্যায়ে শিক্ষকদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে রোবটিকস ক্লাব। যেমন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আছে ‘রোবটিকস অ্যান্ড অটোমেশন সোসাইটি’। শাবিপ্রবির সাখওয়াত জানালেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার কথা। ‘আমাদের কাজের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। এমনকি আমাদের প্রতিযোগিতার কথা চিন্তা করে স্যারেরা টার্ম পরীক্ষা পিছিয়ে দিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। আমরা সত্যিই সৌভাগ্যবান এমন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরে।’ অবশ্য সব বিশ্ববিদ্যালয়ের চিত্র এক রকম নয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া সহযোগিতা প্রসঙ্গে বুয়েটের শিক্ষার্থীদের কিছুটা নিরাশই মনে হলো।

বাংলাদেশে সম্ভাবনা
নিয়মিত রোবটিকস প্রতিযোগিতার আয়োজন করছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির সহসম্পাদক নাসের ইমতিয়াজ বলছিলেন, ‘কিছু পরিসংখ্যান তুলে ধরি। ২০১২ সালে আমরা যখন দেশের সবচেয়ে বড় রোবটিকস প্রোগ্রাম আয়োজন করি, তখন নিবন্ধন করেছিল ৫২টি দল, অংশ নিয়েছিল প্রায় ৩০টি। ২০১৬ সালে নিবন্ধিত দলের সংখ্যা দুই শর বেশি। অংশ নেওয়া দলের সংখ্যা প্রায় দেড় শ। অর্থাৎ প্রথমবারের তুলনায় প্রায় চার গুণ বেশি!’ অন্যদিকে আই ট্রিপলই এআইইউবি শাখার সভাপতি নাসিম আল ইসলামের মতে, ‘এখনই কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের রোবটিকস প্রতিযোগিতা আয়োজন করা উচিত। যে শিক্ষার্থীরা আগ্রহ পাচ্ছেন, তাঁরা যেন আগ্রহ ধরে রাখতে পারেন, প্রয়োজনীয় সরঞ্জামাদি যেন সহজলভ্য হয় ও নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় যেন তাঁরা অংশ নিতে পারেন—এই সুযোগ করে দেওয়া উচিত। তাঁদের প্রেরণা দেওয়া উচিত।’
প্রেরণার খোঁজে শিক্ষার্থীদের অবশ্য খুব বেশি দূরে তাকাতে হচ্ছে না। বাংলাদেশি বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের এ সাইফ ও তাঁর ছাত্ররা মিলে আণুবীক্ষণিক রোবট আবিষ্কার করেছেন। যা কিনা মানুষের রক্তনালিতে সাঁতার কাটতে পারে। নিউইয়র্ক টাইমস বলছে, ২০১৬ সালে প্রযুক্তিতে এটাই সবচেয়ে বড় ঘটনা। সামনের দিনগুলো আরও কত ‘বড় ঘটনা’ নিয়ে আমাদের অপেক্ষায় আছে, কে জানে!