রোবো-ট্যাক্সির প্রথম মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের রাস্তায় গতকাল দেখা গেছে স্বয়ংক্রিয় বা চালকবিহীন রোবো–ট্যাক্সি
সিঙ্গাপুরের রাস্তায় গতকাল দেখা গেছে স্বয়ংক্রিয় বা চালকবিহীন রোবো–ট্যাক্সি

ট্যাক্সি চলেছে চালক ছাড়াই! সিঙ্গাপুরের রাস্তায় গতকাল বৃহস্পতিবার দেখা গেছে স্বয়ংক্রিয় বা চালকবিহীন ট্যাক্সি। বিশ্বে ‘রোবো-ট্যাক্সি সার্ভিসের’ এটিই প্রথম মহড়া। বৈপ্লবিক এ প্রযুক্তির প্রথম মহড়া দিয়ে সিঙ্গাপুর পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের ইউবারের মতো বড় পরিবহন প্রযুক্তি প্রতিষ্ঠানকে।
সিঙ্গাপুর ২০১৮ সালের মধ্যে গোটা দেশে চালকবিহীন গাড়ি চালু করতে চায়। এ লক্ষ্যেই গতকালের পরীক্ষামূলক ট্যাক্সি চালনা। নুটনময় নামের একটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে। তারাই এই গাড়ির সফটওয়্যার বানিয়েছে।
নুটনময়ের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা কার্ল আইয়ানেমা বলেছেন, এ মহড়ায় সত্যিকারের রাস্তায় স্বয়ংক্রিয় গাড়ির যাত্রীদের অনুভূতি জানার সুযোগ হয়েছে। এতে করে ২০১৮ সালে পুরোদমে এ ধরনের গাড়ি চালু করার ব্যাপারে অনেক দূর এগোনো যাবে। পাশাপাশি যান্ত্রিক পারদর্শিতারও ব্যবহারিক পরীক্ষা হয়েছে গতকালের মহড়ায়। এ কাজের জন্য যাত্রীদের সঙ্গে গাড়িতে আরোহী ছিলেন নুটনময়ের একজন প্রকৌশলী।
ছয়টি ট্যাক্সি গতকাল প্রায় চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে চক্কর দেয়। যাত্রী ওঠানো থেকে শুরু করে যাত্রী নামানোর স্থান ছিল নির্ধারিত। প্রতিষ্ঠানের স্মার্টফোন অ্যাপের সাহায্যে এই গাড়ির আসন বরাদ্দ নেওয়া যায়।
ইউবার গত সপ্তাহে বলেছিল, যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে তারা চলতি মাসের শেষ নাগাদ চালকবিহীন মোটরগাড়ি নামাবে। আবার গুগলের আদি প্রতিষ্ঠান অ্যালফাবেট গত মে মাসে ঘোষণা দিয়েছিল, ফিয়াট ক্রিসলারের স্বয়ংক্রিয় গাড়ি প্রকল্পের অংশীদার হবে। আর এটা চলতি বছরের শেষ নাগাদ চালু হওয়ার কথা।