রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩০টি গ্রামীণ সড়কের সংস্কার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল–সাইরার ডেইল সড়কটি মারাত্মকভাবে ভেঙে গেছে। সড়কের মাঝখানে প্রবাহিত হচ্ছে খাল। ছবিটি ২৫ অক্টোবর তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল–সাইরার ডেইল সড়কটি মারাত্মকভাবে ভেঙে গেছে। সড়কের মাঝখানে প্রবাহিত হচ্ছে খাল। ছবিটি ২৫ অক্টোবর তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার ৩০টি অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক সংস্কার হয়নি গত পাঁচ মাসেও। এসব সড়কের মোট দৈর্ঘ্য ১০২ কিলোমিটার। এ বছরের ২১ মে রোয়ানুর আঘাত হানার পর ১০২ কিলোমিটারের মধ্যে ২১ কিলোমিটারে ভাঙন দেখা দেয়। ফলে উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন।
উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ৩০টি অভ্যন্তরীণ গ্রামীণ সড়কের মধ্যে ছয়টি পিচ ঢালাই করা। এসব হলো চালিয়তলি-মাতারবাড়ী, মাতারবাড়ী-সাইরারডেইল, গোরকঘাটা-ঘটিভাঙা, কুতুবজোম-তাজিয়াকাটা ও কালামিয়া বাজার-বটতলী সড়ক। বাকি ২২টি হলো ইট বিছানো সড়ক।
২৪ অক্টোবর বিকেলে সরেজমিনে দেখা যায়, কুতুবজোম, মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে আটটি গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এই সড়কগুলোর ১৮টি স্থানে ভাঙন ধরেছে। এ ছাড়া কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুর, বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের আরও ২২টি অভ্যন্তরীণ গ্রামীণ সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। এসব সড়কের কোনোটিতে যানবাহন চলছে না, কোনোটিতে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।
ঝড়ে বিধ্বস্ত মাতারবাড়ী-চালিয়াতলি সড়কে গিয়ে দেখা গেছে, এই সড়কের ধারাখালের পশ্চিম অংশে এক শ মিটার পরপর দুটি স্থানে ভেঙে গেছে। সড়ক দিয়ে চলছে না কোনো যানবাহন। হেঁটেই চলাচল করছেন বাসিন্দারা।
ধলঘাট-মাতারবাড়ী সড়কে গিয়ে দেখা গেছে, সুতরিয়া, মুহুরিঘোনা, সাপমারার ডেইল, খোন্দকারপাড়া, ঘটিভাঙাসহ এই সড়কের ১৭টি স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে।
মাতারবাড়ীর সাইরারডেইল এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে সাইরারডেইল গ্রামীণ সড়কের বেশ কয়েকটি স্থান ভেঙে যাওয়ায় সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় মগডেইল বাজারের মুদির দোকানের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নৌপথে মালামাল আনতে গিয়ে অতিরিক্ত পরিবহন খরচ দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, এখন ভাঙা সড়কের ওপর দিয়ে হেঁটে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এমনকি গত এক মাসে ভাঙা সড়কের ওপর দিয়ে স্থানীয় লোকজন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এরপরও সড়ক সংস্কার হচ্ছে না।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে জনগণের ভোগান্তির শেষ নেই। তাই জরুরি ভিত্তিতে গ্রামীণ সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা মাসিক সমন্বয় সভায় উত্থাপন করতে হবে।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মহাজন রবিউল আলো প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুতে তিনটি ইউনিয়নের অভ্যন্তরীণ ২২টি গ্রামীণ সড়কের বেশি ক্ষতি হয়েছে। তাই অচিরেই কাবিখা ও টিআর প্রকল্পের মাধ্যমে ভেঙে যাওয়া গ্রামীণ সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মহাজন রেজা উল ইসলাম বলেন, এখন চালিয়াতলি-মাতারবাড়ী ভাঙা সড়কের সংস্কারকাজ চলছে। আর বরাদ্দ পেলে বাকি ভাঙা সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।