
গত মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত হয় সড়ক। এরপর কেটে গেছে সাত মাসের বেশি সময়। কিন্তু সড়ক সংস্কারে এখনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ভোগান্তি সয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনকে। এ চিত্র আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বখতেয়ার সড়কটির।
স্থানীয় লোকজন জানান, সড়ক দিয়ে উপকূলীয় ইউনিয়ন রায়পুরের মানুষ জেলা শহর ও আশপাশের অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। চলাচল করে ছোট-বড় যানবাহন। এ ছাড়া বঙ্গোপসাগর থেকে আহরণ করা মাছও এ সড়ক দিয়ে পরিবহন করেন ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, ১০ কিলোমিটারের সড়কটির ফকিরহাট থেকে ওয়াহেদ আলী হাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারে পিচঢালাই নেই। পাশাপাশি সড়কের বাইন্যা দীঘি ও কোস্টগার্ড এলাকায় দুটি কালভার্ট দেবে গেছে। ওই অংশে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে।
স্থানীয় বাসিন্দা তৌহিদুল আলম বলেন, একে তো ভাঙা সড়ক, তার ওপর ঝুঁকিপূর্ণ কালভার্ট। দুর্ঘটনার আতঙ্ক নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।
রায়পুর এলাকার বাসিন্দা ও িসএনজিচালিত অটোরিকশার চালক মো. নাছির বলেন, ফকিরহাট থেকে ওয়াহেদ আলী হাট পর্যন্ত গাড়ি চালাতে কষ্ট হয় বেশি। একবারের বেশি আসা-যাওয়া করা যায় না। যাত্রীরাও ভোগান্তি পোহান।
এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, সড়ক ও কালভার্ট সংস্কার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) মৌখিকভাবে একাধিকবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে এলজিইডির আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ‘বখতেয়ার সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। কালভার্ট দুটি আমরা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’