রোকুছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর রমজানের প্রথম সপ্তাহে বাসার সামনের ইটের স্তূপের ফাঁক থেকে একটি কুকুর ছানা বের হয়ে এটা ওটা নেড়ে খাবার খুঁজছিল। ওকে দেখে একটু আপন আপন লাগছিল, ও বোধ হয় রোজা থাকতে পারছে না, হয়তো রোজা ব্যাপারটাই বোঝে না।

প্রতিদিন সাহরি খেলেও মাঝে মাঝে পুরো রোজা থাকা কঠিন হয়ে পড়ত। কিছু শুকনো খাবার লুকিয়ে রাখতাম। ব্যাক আপ প্ল্যান আর কি। সব দিন ফাঁকি দিতে হয় না, শুধু বাজার করার দিন আর অনু আপাদের বাসায় খাবার আনা নেওয়ার দিন। রোজার দিন পরিবারের কাউকে ক্ষুধার কথা বললে যে ভালোবেসে খাবার দেবে, সেই সুযোগ পরখ করার সাহস পর্যন্ত নেই। তবে কুকুর ছানাটি আপন থেকে আপন হয়ে উঠল, একে অন্যের পরিপূরক হয়ে উঠেছিলাম। ঘরে আলাদা খাবার এনে রাখায় ভেতরে ভেতরে একটা ভয় ছিল, কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? কোন অজুহাত বা আগডুম বাগডুম বুঝিয়ে কাজ হবে না সে আমি জানতাম। আমি নিজেই ধরা পরে যেতাম। এই কুকুর ছানাটিকে কেন্দ্র করে একটা অজুহাত তৈরি হয়ে গেছে। সবাই ভাবা শুরু করল কুকুরের জন্যই আমি খাবার এনে রাখি।

কুকুর ছানাটির নাম রেখেছিলাম রোকুছা। নাম রাখার ব্যাপারে আমার একটা দক্ষতা তৈরি হয়েছিল। মাধ্যমিকের রসায়ন বইয়ের মৌল গুলোর নাম পড়তে গিয়ে দেখলাম হাইড্রোজেন কে প্রকাশ করা হয় H দিয়ে, নাইট্রোজেন কে N দিয়ে। রসায়ন পড়ার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলাম কুকুর ছানাটির ওপর। রোকুছা মানে রোজার কুকুর ছানা। ওর নামটি সবারই পছন্দ হল, একটু বিদেশি বিদেশি ভাব। রোকুছার জন্য মায়া বা ভালোবাসা থেকে তার প্রতি যতটা না যত্ন করেছিলাম তার চেয়ে ঢের বেশি করেছিলাম নিজের আনন্দের জন্য। এক অসাধারণ খেলায় মেতে উঠেছিলাম আমি। আমার ঢাল হয়ে উঠেছিল এই রোকুছা। তাকে যত্ন করা মানেই নিশ্চিত খাবার কেনার অনুমতি পেয়ে যাওয়া। আর খাবার কেনার অনুমতি মানেই নিজের জন্য কিছু কিনে আনা নতুবা রোকুছার খাবারেই ভাগ বসানো।

দুই দিনের মধ্যে রোকুছা বুঝে গিয়েছিল যে, ইটের স্তূপের নিচে থাকার দিন শেষ। সে তার ঘর আর প্রভু দুটোই চিনে ফেলেছিল। ঘরের দরজা আটকে থাকলে সে দরজায় বিড়ালের মতো আঁচড় দিয়ে ঘষঘষ শব্দ করত। আমার পড়ার টেবিলে বিরিয়ানির খালি প্যাকেট দেখে ফেলেছিল নানু। রোকুছার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এই কথা কাউকে বিশ্বাস করানো সত্যিই কঠিন ছিল। বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল বলে অনেক কষ্টে সোমনাথদের এলাকা থেকে কিনে এনেছিলাম। ওই এলাকাতে মুসলিম তেমন নেই, তবুও রমজানে মুসলিমদের কোনো খাবার কিনতে দেখলে একটু আড়ে আড়ে তাকায়। সোমনাথের বাবা দেখলেই হয়তো বাবার কাছে অভিযোগ দেবে। বাবাকেও দেখেছি পূজার সময়ে সোমনাথকে জামা কাপড় কিনে দিতে।

তবে একটা ব্যাপার আমি বহু আগে থেকেই লক্ষ্য করছি, বয়স্কদের একটাই কাজ। আমাদের চোখে চোখে রাখা, যতই নিয়ম ভেঙে উড়তে চাই ততই দেওয়া। নামাজ পড়ার ভয়ে সোমনাথদের বাসায় এসে বসে থাকতাম। আমার টনক নড়ল সেদিন, যেদিন সোমনাথের বাবা আমাকে বলল, নামাজ পড়ে এসে আড্ডা দাও।

ঈদের খুশিতে হই হুল্লোড়ে ব্যস্ত ছিলাম, রোকুছার প্রয়োজন মিটে যাওয়ায় কয়েক দিন রোকুছার কথা ভুলেই ছিলাম। আনন্দ শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবার রোকুছা কে খোঁজা শুরু করলাম। ছোট বোন বলল, ঈদের দিন থেকেই নাকি তাকে দেখা যাচ্ছে না। রোকুছার শূন্যতা ঘোচাতে আর তাকে ভুলতে বেশ সময় লাগল। এখন একটু বড় হয়েছি, পড়া লেখার চাপে বাড়িতে আসতে পারিনি গত এক বছর। ২৬ রমজান চলছে। নিজের ঘরে ঢুকতে যাব এমন সময় হঠাৎ দরজার নিচের দিকে চোখ আটকে গেল, বিড়াল জাতীয় কোনো প্রাণীর আঁচড়ের দাগ।

দেখলেই বোঝা যায়, দাগটা বেশি দিন আগের না। সবাইকে জিজ্ঞেস করলাম, রোকুছা এসেছিল কিনা, কেউ কিছু বলতে পারল না, আসে পাশের সব জায়গায় হন্যে হয়ে খুঁজলাম রোকুছাকে, কোথাও পেলাম না, ওটা বোধ হয় রোকুছা, বোধহয় ঘষঘষ শব্দ। সবকিছুকে তুচ্ছ করে দিয়ে চোখ আর বুক একসঙ্গে ফুঁপিয়ে কেঁদে উঠছে শুধু রোকুছকে ঘিরে।