রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

“আমরা আর ‘অবরোধবাসিনী’ নই, আমরা এখন লেখাপড়া করি বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তাও আবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে।” এভাবেই নিজেদের অবস্থান জানান দিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী স্মৃতি রানী সরকার। আর ইংরেজি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মঞ্জুর আরিফ বললেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা পূরণ করছে। শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে এ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই অগ্রণী ভূমিকা রাখবে।’রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলার নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত। রোকেয়ার জন্ম রংপুরে। তাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে রংপুরেই। তবে প্রথমে এ বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছিল রংপুর বিশ্ববিদ্যালয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি একেবারেই নবীন। তবে রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর আত্মবিশ্বাসের কথা শোনালেন অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শাহানা আফরোজ, ‘আমরা আশাবাদী, দেশমাতার জন্য একদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনেক বড় অবদান রাখবে।’দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন রয়েছে। কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ভবন আপাতত নেই। তবে রংপুর কারমাইকেল কলেজের পূর্ব পাশে ৭৫ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পাঠদান চলছে অস্থায়ী ক্যাম্পাসে, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে। এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী সামিউল বলেন, ‘এখনো আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস হয়নি। এর পরও ভালো লাগছে। কারণ, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কটা এখানে অনেক ভালো।’ আর সিইসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী জামিল সারোয়ার জানালেন, ‘আমাদের শিক্ষকেরা বন্দুসুলভ। পড়তে গিয়ে কোনো সমস্যায় পড়লেই স্যারদের কাছে সহজেই যাওয়া যায়।’ শুধু তা-ই নয়। শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী উম্মে ফারিফা বললেন, ‘অনেক সময় শিক্ষকেরাই নিজ থেকে আমাদের কাছে জানতে চান, আমাদের কোনো সমস্যা আছে কি না।’ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহীন ওয়াদুদ বলেন, ‘পড়াশোনার ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী আমরা সবাই একসঙ্গে কাজ করি। তা ছাড়া আমাদের ছেলেমেয়েরা কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, বিতর্ক ইত্যাদির সঙ্গেও জড়িত।’বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে মোট ১৫টি বিভাগে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। এই শিক্ষাবর্ষে সবে তৃতীয় ব্যাচে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের মতো। এ বছর আরও প্রায় এক হাজার নতুন শিক্ষার্থী ভর্তি হবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে শিক্ষকের সংখ্যা এখন ৩৯।অস্থায়ী ক্যাম্পাসে পড়াশোনার ফাঁকে চলে শিক্ষার্থীদের আড্ডা। আড্ডায় নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হয়। মার্কেটিং বিভগের শিক্ষার্থী নাজমুন্নাহ বললেন, ভালো কাজ করতে আড্ডারও প্রয়োজনীয়তা রয়েছে। আড্ডারত শিক্ষার্থী নওরীন তাসনুমান, আরিফুল ইসলাম, আরমান হোসাইন, আসাদুজ্জামান ও নাসিমুজ্জামান বললেন, ‘আলোকিত বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছি, আমরা আমাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে সেই স্বপ্ন সত্যি করব।’