২০২০ সাল পুরো পৃথিবীর সবার মতো আমার জন্যও ছিল খুব চ্যালেঞ্জিং। পুষ্টিবিদ হিসেবে সবাইকে পরামর্শ দিয়েছি সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করার। এ বছর দুটি বিষয়ে পরামর্শ দিতে হয়েছে সবচেয়ে বেশি। এক. রোগ প্রতিরোধক্ষমতা (ইমিউনিটি) বাড়ানো দুই. ভিটামিন সি খাওয়াবিষয়ক।
ইমিউনিটি বাড়াতে পারলেই দূরে থাকবে করোনা—এ ধারণা থেকে কেউ গরম পানিতে লেবু মিশিয়ে খেয়েছেন, কেউ আবার খেতে শুরু করেছেন বাজারের যাবতীয় ভিটামিন।
পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই, যা আজ খেলাম আর কাল থেকে রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে গেল। এ ভাবনাটাই ভুল। প্রতিটি মানুষের শরীরে রোগ প্রতিরোধক্ষমতার খানিকটা জিনগত, আর বাকিটা কর্মফল। অর্থাৎ একজন মানুষের প্রতিদিনের জীবনযাত্রার ওপরেই নির্ভর করে যে তাঁর শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কতটা হবে। তাই পরামর্শ নিতে আসা লোকজনকে ইমিউনিটি বাড়াতে খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছি নানা রকম খাবার। এই যেমন
ভাত-ডাল-মাছের পাশাপাশি ভিটামিন ও মিনারেলের জন্য প্রতিদিন টাটকা সবজি ও ফল খেতে হবে।
ভিটামিন সির জন্য যেকোনো ধরনের লেবু বা আমলকী খাওয়া ভালো।
খাদ্যতালিকায় দুধ বা দুধের খাবার রাখা প্রয়োজন।
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন আদা, হলুদ, গোলমরিচ এবং অন্যান্য মসলা। এতে ভিটামিন ও মিনারেল থাকে।
ফুসফুসের সমস্যা এড়াতে গ্যাস-অম্বল না হয়, এমন খাবার খাওয়া উচিত।
গলার সমস্যা কমাতে গরম পানি খান।
ঘরে তৈরি টক দই খুবই উপকারী, যাতে প্রোবায়োটিক আছে।
ভিটামিনের তালিকায় এ বছর প্রথম স্থান অধিকার করে ছিল ভিটামিন সি, সেটা তো আগেই বললাম। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ও সর্দি-কাশি থেকে বাঁচতে ভিটামিন সি গ্রহণের মাত্রা ছিল উল্লেখযোগ্য। রোগীদের বিপুল আগ্রহ ছিল কী কী খাবার খেলে এ ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবে। যাঁদের ইমিউনিটি ভালো নয় এবং মাঝেমধ্যেই রোগে ভুগেছেন, তাঁরা নিয়মিত ভিটামিন সি খেলে কয়েক দিনের মধ্যেই পরিবর্তন বুঝতে পেরেছেন। রোগীদের বলেছি, ভিটামিন সাপ্লিমেন্টের দিকে না গিয়ে রোজকার খাবারে এমন শাকসবজি-ফল রাখুন। যেসব উপকরণ ভিটামিন সিতে ভরপুর, তার দিকে বেশি নজর ছিল আমার পরামর্শে। এ তালিকায় রয়েছে আমড়া, জাম্বুরা, পেয়ারা, আমলকী, কমলালেবু, মাল্টা, আঙুর, স্ট্রবেরি, পালংশাক, ব্রকলি, পাতিলেবু ইত্যাদি। সুস্থ থাকার জন্য শরীরের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হলো ভিটামিন-সি। এ ভিটামিন শরীরে প্রয়োজনীয় মিনারেল শোষণে সাহায্য করে এবং একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবেও ভিটামিন-সি–সমৃদ্ধ ফল অত্যন্ত উপযোগী। শরীরের টক্সিন দূর করতে ও ওজন কমাতেও সাহায্য করে ভিটামিন-সি–সমৃদ্ধ ফল।
এ ছাড়া জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছি।
এসি চালিয়ে থাকার অভ্যাস বেশি থাকলে মুশকিল। এ অভ্যাস শ্বাসযন্ত্রের পক্ষে ক্ষতিকারক।
সিগারেট ও মদ্যপান এড়িয়ে চলা।
দিনে অন্তত ৬-৮ ঘণ্টার ঘুমানো দরকারি।
নিয়ম করে দিনে কয়েক বার গার্গল করা।
নিয়মিত প্রাণায়াম, যোগাসনের মতো শরীরচর্চা করা উচিত। এতে ক্লান্তি দূর হয়ে ভালো ঘুম হবে।
মন ভালো রাখার চেষ্টা করুন। অবসাদ থাকলে রোগ প্রতিরোধক্ষমতা কমবে।
ফুসফুস ঠিক রাখতে জোরে শ্বাস নিয়ে নাক দিয়ে আস্তে ছাড়তে হবে।
একনিশ্বাসে কত সংখ্যা পর্যন্ত গুনতে পারা যাচ্ছে, তা দেখতে হবে।
এসব বিষয়ে চলতি বছর এত মানুষকে পরামর্শ দিয়েছি যে এখন রোগী এলেই মনে হয় এ বিষয়ে জানতে চাইবে।