শরীর ঘেমে উঠলে কারও ভালো লাগার কথা নয়। কিন্তু এই ঘামের মধ্যে রয়েছে জীবাণু প্রতিরোধী (অ্যান্টিবায়োটিক) ক্ষমতা, যা তুলনামূলক বেশি কার্যকর বলে দাবি করছেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণায় দেখা গেছে, শরীরের ঘাম নষ্ট করতে পারে যক্ষ্মার মতো অসুখের জীবাণু। এ ছাড়া শরীরের কোথাও কাটাছেঁড়া বা পোকামাকড়ের কামড়ের ক্ষতও সারিয়ে তুলতে পারে ঘাম। গবেষকেরা বলছেন, ঘামের মধ্যে প্রায় এক হাজার ৭০০ ধরনের প্রাকৃতিক রোগ প্রতিরোধী উপাদান রয়েছে। এগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড (এএমপি) নামে পরিচিত। এগুলোর বিরুদ্ধে জীবাণু সহজে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না। এএমপি জীবাণুর কোষপ্রাচীরে হামলা চালায়। এই বৈশিষ্ট্যের জন্যই ডার্মসিডিনের মতো এএমপি থেকে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব। ডার্মসিডিন হলো লবণাক্ত ও কিছুটা অম্লীয় ঘামের একটি উপাদান। ডেইলি পাইওনিয়ার।