রোগ-শোকে থানচির মানুষের ভরসা ইসহাক
মো. ইসহাক। পেশায় ওয়ার্ডবয়। তবে সবার কাছে তিনি ‘ইসহাক ডাক্তার’ নামেই পরিচিত। ২৬ বছর ধরে নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে বান্দরবানের দুর্গম থানচির উপজেলার মানুষের ভরসায় পরিণত হয়েছেন।
বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক থাকেন না। রোগীদের যেকোনো প্রয়োজনেই হাসপাতালের ওয়ার্ডবয় মো. ইসহাক ছুটে যান। ২৪ ঘণ্টাই তাঁকে পাওয়া যায়। নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ইসহাক চিকিৎসকশূন্য হাসপাতালে দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে রোগীদের সেবা দিচ্ছেন।
চিকিৎসাসেবা দিতে গিয়ে তিনি অভিজ্ঞ চিকিৎসক হয়ে উঠেছেন।
এলাকার লোকজন জানান, রোগীদের রোগ নির্ণয় করে ঠিকমতো ওষুধ দিয়ে সারিয়ে তোলেন ইসহাক। দরিদ্র রোগীরা চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে তাঁর কাছে ছুটে আসে।
গত ১০ মে থানচি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত অনেক রোগী চিকিৎসা নিতে এসেছে। চিকিৎসক না থাকায় সেবিকা ইকা চাকমা ও মো. ইসহাকই রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
স্বাস্থ্য পরিদর্শক আক্তার আহমেদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে নয়জন সেবিকার পদ আছে। এর মধ্যে সাতজনকে নিয়োগ দেওয়া হলেও ছয়জন প্রেষণে জেলা শহরে বসবাস করেন।
স্বাস্থ্য সহকারীর ১৩ জনের পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হলেও সাতজন প্রেষণে রয়েছেন। ২০ বছর আগে ৩১ শয্যার হাসপাতালের নির্মাণকাজ শেষ হলেও এখনো অন্তর্বিভাগ (ইনডোর) চালু করা যায়নি।
৯ মে উপজেলা সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় প্রাঙ্গণে এক রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন মো. ইসহাক। সেখানে কথা হয় তাঁর সঙ্গে। বললেন, থানচি উপজেলায় দুর্গম বড় মদক, রেমাক্রি, বলিপাড়া, প্রাথাপাড়াসহ বহু জায়গায় রোগীদের চিকিৎসাসেবা দিতে ছুটে গেছেন তিনি। ২৬ বছর ধরে এক জায়গায় একই পদে আছেন কেবল মানুষের কথা ভেবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় মারাত্মক সংকটে রয়েছে থানচি উপজেলার মানুষ। সামান্য জটিলতা দেখা দিলে বান্দরবানে যেতে হয়। নিরলস কর্মী মো. ইসহাকই এখন থানচির সাধারণ মানুষের একমাত্র ভরসা।