উপজেলা হাসপাতালে রোগনির্ণয়ের প্রয়োজনীয় সরঞ্জাম ও টেকনিশিয়ানের অভাবে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না কক্সবাজারের মহেশখালী উপজেলার লোকজন। বিভিন্ন জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্ট রোগীরা। কিন্তু বেসরকারি রোগনির্ণয়কেন্দ্রের খরচ বহন করতে না পারায় গরিব রোগীরা বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮১ সালে মহেশখালী উপজেলা হাসপাতাল চালু হওয়ার পর থেকে এখানে রক্ত ও প্রস্রাব ছাড়া আর কোনো বিষয়ে রোগনির্ণয় সরঞ্জাম সরবরাহ করা হয়নি। ছয় বছর আগে এক্স-রে ও ইসিজি যন্ত্র দেওয়া হলেও টেকনিশিয়ানের অভাবে এসব সরঞ্জাম অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এদিকে হাসপাতালে রোগনির্ণয় সরঞ্জাম না থাকার সুযোগে হাসপাতালের কাছেই বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে নিউরন হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি রোগনির্ণয়কেন্দ্র। তবে সাধারণ গরিব রোগীদের সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো সম্ভব হয় না। কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের বাসিন্দা নূর হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে হূদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন। এ নিয়ে বিভিন্ন সময় উপজেলা হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিলেও ইসিজি করানোর জন্য তাঁকে যেতে হতো কক্সবাজার সদরে। তবে বর্তমানে প্রয়োজন হলে স্থানীয় একটি বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে যান তিনি। তিনি বলেন, সরকারের উচিত উপজেলা হাসপাতালে আলট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স-রে, হেমোটোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথলজি, বায়োকেমিস্ট্রিসহ বিভিন্ন বিষয়ে রোগ নির্ণয়ের সরঞ্জাম সরবরাহ করে কম খরচে গরিব জনগণের চিকিৎসাসুবিধা নিশ্চিত করা। ঘটিভাঙা এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, ‘আগে আমাদের আত্মীয়স্বজনদের কোনো রোগের পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য কক্সবাজার যেতে হতো। এতে যাতায়াত খরচসহ অনেক টাকা খরচ হতো। বর্তমানে উপজেলা সদরে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র স্থাপিত হওয়ায় যাতায়াত খরচ এবং সময়টুকু অন্তত সাশ্রয় হচ্ছে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, ‘সরঞ্জামের অভাবে আমাদের হাসপাতালে রক্ত ও প্রস্রাব পরীক্ষা ছাড়া আর কিছু করা সম্ভব হচ্ছে না। ফলে রোগীরা বাইরের যেকোনো জায়গায় গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে আমাদের কিছু করার নেই।’