রোগনিয়ন্ত্রণের প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা। ছবি: খালেদ সরকার
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা। ছবি: খালেদ সরকার

করোনাভাইরাস সম্পর্কে দেশের মানুষকে সজাগ, সতর্ক ও সচেতন করার কাজটি করে চলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। নাম ‘রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান’। আইইডিসিআর নামে তুলনামূলকভাবে বেশি পরিচিত। এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা রাতারাতি দেশব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন। কোনো ব্যতিক্রম ছাড়া প্রতিদিন ঠিক দুপুর ১২টায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছেন করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি।

কী কাজ আইইডিসিআরের? প্রতিষ্ঠানটির একটি প্রধান কাজ রোগের ওপর নজরদারি করা। মীরজাদী বলেন, দেশে নতুন কোনো রোগ দেখা দিল কি না, পুরোনো রোগ ফিরে এল কি না, কোনো রোগের প্রাদুর্ভাব কমল বা বাড়ল কি না, এগুলো আইইডিসিআর দেখে। রোগের গতিবিধির ওপর নজর রাখে প্রতিষ্ঠানটি। তাই হঠাৎ কোনো রোগের প্রকোপ দেখা দিলে রোগটি কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তার বিজ্ঞানভিত্তিক অনুমান করার চেষ্টা করে আইইডিসিআর। যেমন এখন করছে করোনা নিয়ে।

কোন ভাইরাস, কীভাবে ছড়ায়

মেহেরপুরে অজ্ঞাত রোগে মানুষ মারা যাচ্ছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ধরতে পারছে না, কী কারণে মৃত্যু। জেলা সিভিল সার্জন কার্যালয় আক্রান্ত ব্যক্তিদের নাক বা মুখের লালা বা রক্তের নমুনা আইইডিসিআরে পাঠিয়ে দেয়। আইইডিসিআরের বিজ্ঞানী ও গবেষকেরা পরীক্ষা করে জানতে পারেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে। যাঁরা খেজুরের রস পান করেছিলেন, তাঁরা মারা গেছেন। ওই খেজুরের রসে ভাইরাস এসেছিল বাদুড়ের মাধ্যমে। আইইডিসিআর দেশবাসীকে পরে জানায়, বাদুড় খেজুরের রস খাওয়ার সময় রসে ভাইরাস ছড়িয়েছিল। আরও জানায়, কাঁচা রস বিপজ্জনক। দেশের মানুষ আগে এ কথা জানত না।

নিপাহ, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, অ্যানথ্রাক্স, ডেঙ্গু, চিকুনগুনিয়া এসব রোগ নিয়ে মানুষকে সজাগ, সতর্ক ও সচেতন করার অভিজ্ঞতা আইইডিসিআরের আছে। সেই অভিজ্ঞতা এখন করোনাভাইরাসের ক্ষেত্রে কাজে লাগছে।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রবেশপথ।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রবেশপথ।

দেশজুড়ে নেটওয়ার্ক

কাজ করার জন্য দেশব্যাপী নেটওয়ার্ক আছে আইইডিসিআরের। ইনফ্লুয়েঞ্জা, খাদ্য ও পানিবাহিত রোগ, নিপাহ, জাপানি এনকেফালাইটিস, ডেঙ্গু, রোটা ভাইরাস, অ্যানথ্রাক্স, অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা—এসব বিষয়ে বছরব্যাপী তথ্য সংগ্রহ করে আইইডিসিআর। এর জন্য আইইডিসিআর সুনির্দিষ্ট কিছু হাসপাতাল থেকে নিয়মিত তথ্য পায়। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমে তথ্য সংগ্রহের একটি বিশেষ পদ্ধতি আছে তাদের। সেই তথ্য বিশ্লেষণ করে তারা বুঝতে পারে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। তখন তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলে দেয় রোগনিয়ন্ত্রণের জন্য কী করা প্রয়োজন।

নজরদারির সঙ্গে চলে গবেষণাও

রোগের ওপর নজরদারির পাশাপাশি প্রতিষ্ঠানটি রোগ নিয়ে গবেষণাও করে। গবেষণা করাও তাদের গুরুত্বপূর্ণ কাজ। নজরদারি ও গবেষণার পাশাপাশি এসব বিষয়ে চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদদের স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেয় আইইডিসিআর। বিশেষজ্ঞ ও গবেষক তৈরি করাও তাদের কাজ। কিছু বিষয়ে প্রতিষ্ঠানটি স্নাতকোত্তর ডিগ্রিও দেয়।

রোগ নিয়ে পরীক্ষা–নিরীক্ষার জন্য আইইডিসিআরে আছে একটি বিশেষায়িত পরীক্ষাগার বা ল্যাবরেটরি। আছে র‌্যাপিড রেসপন্স টিম। এই দলের সদস্যরা নতুন রোগ বা স্বাস্থ্য সমস্যার কথা শুনলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করেন অথবা নমুনা সংগ্রহ করেন। ঢাকায় এসে পরীক্ষা–নিরীক্ষা করে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন।

যেভাবে প্রতিষ্ঠা হলো

পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো একসময় এই অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ ছিল। ১৯৫২ সালে ঢাকা শহরের টিপু সুলতান রোডে সেন্ট্রাল ম্যালেরিয়া ইনস্টিটিউট অব পাকিস্তান প্রতিষ্ঠা করে তখনকার সরকার। প্রতিষ্ঠানটি পূর্ব পাকিস্তানে ১৯৫৪ সালে কাজ শুরু করে। ১৯৬১ সালে টিপু সুলতান রোড থেকে এটি মহাখালীতে স্থানান্তরিত হয়। সেই সময়ের ভিত্তিপ্রস্তর এখনো আছে। ম্যালেরিয়ার ওপর নজরদারি, গবেষণা, মশা নিয়ন্ত্রণ এসবই ছিল এই প্রতিষ্ঠানের মূল কাজ। তখন প্রতিষ্ঠানটিতে কীটতত্ত্ববিদদের প্রাধান্য ছিল।

দেশ স্বাধীন হলো। মশার সঙ্গে ম্যালেরিয়াও কমে আসতে থাকল। প্রতিষ্ঠানটিও বদলে যেতে থাকল। ১৯৭৬ সালে এটি হয়ে গেল ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ বা আইইডিসিআর। বাংলায় ‘রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান’।

আছে অনেকের সঙ্গে যুক্ততা

শুরু থেকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সঙ্গে এর সখ্য ছিল। এখনো তা আছে। সিডিসির বৈশ্বিক রোগ শনাক্তকরণ কেন্দ্র হিসেবে এখনো ফোকাল ইনস্টিটিউট হিসেবে কাজ করে আইইডিসিআর।

আরও কিছু দেশীয় ও বৈশ্বিক বিষয় বা প্রতিষ্ঠানের ফোকাল ইনস্টিটিউট হিসেবে কাজ করে আইইডিসিআর। এর মধ্যে আছে ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টার, গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যাজেন্ডা, ওয়ান হেলথ সচিবালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন ও ফুডবর্ন ইমার্জেন্সি রেসপন্স।

প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অংশীদারদের তালিকায় আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব কৃষি সংস্থা, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনসহ আরও কিছু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ কী

আইইডিসিআরের চ্যালেঞ্জগুলো নিয়ে বললেন মীরজাদী সেব্রিনা। যোগ্য জনবল বাড়ানো দরকার। এখন করোনাভাইরাস নিয়ে কাজ করতে হচ্ছে। অনেকে সেই কাজে দিনরাত যুক্ত থাকছেন। এ সময় নিয়মিত কাজগুলোও করে যেতে হবে। যোগ্য ও পর্যাপ্ত জনবল না থাকলে মানসম্পন্ন কাজ অব্যাহত রাখা কঠিন। অন্য দিকে প্রতিষ্ঠানটির একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা দরকার। আর দরকার প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ বৃদ্ধি করা।

মীরজাদী সেব্রিনা বলেন, ল্যাবরেটরির মান বাড়িয়ে স্তর ৪–এ নেওয়া দরকার। তাহলে একে আঞ্চলিক রেফারেন্স ল্যাব হিসেবে বিবেচনা ও ব্যবহার করা যাবে। ভ্যাকসিন নিয়ে কাজ করার ইচ্ছাও তাঁর আছে। এ জন্য আইইডিসিআরের সঙ্গে এটি হাসপাতাল যুক্ত থাকা দরকার। পৃথিবীর সব বড় বড় প্রতিষ্ঠানেরই তা আছে।

ভবিষ্যতে আইইডিসিআরকে কেমন দেখতে চান? মীরজাদী সেব্রিনার সরাসরি উত্তর, ‘সিডিসি আটলান্টার মতো।’