ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তার পদ রয়েছে একটি। সেটিই এখন শূন্য। ফলে ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না ইউনিয়নের বাসিন্দারা। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটি নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকে না বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় উপস্বাস্থ্যকেন্দ্রটির অবস্থান। নিয়মানুযায়ী এই উপস্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (সাকমো), ফার্মাসিস্ট ও বার্তাবাহক থাকার কথা। চিকিৎসা কর্মকর্তার পদটি শূন্য হলেও বাকি পদগুলোতে জনবল রয়েছে। উপস্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের মূলত তাঁরাই চিকিৎসা দিয়ে থাকেন।
১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কেন্দ্রের ফার্মাসিস্ট আবুল কালাম ও বার্তাবাহক গিয়াস উদ্দিকে পাওয়া যায়। উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সুপ্রিয়া রানি পাল বাইরে আছেন বলে তাঁরা জানান। মুঠোফোনে যোগাযোগ করা হলে সুপ্রিয়া রানি পাল প্রথম আলোকে জানান, প্রশাসনিক কাজে তিনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন। চিকিৎসক না থাকলেও এই কেন্দ্রে প্রতিদিন ৫০-৬০ জন রোগী আসে বলে তিনি জানান। তবে জটিল রোগ নিয়ে আসা রোগীদের তাঁরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন।
উপস্বাস্থ্যকেন্দ্রের পাশে ইউনিয়ন পরিষদে আসা মো. সেলিম, মো. মুছা, মো. জামাল, মো. নুরুল আলমসহ কয়েকজন যুবক জানান, ১২টার দিকে উপস্বাস্থ্যকেন্দ্রের লোকজন তালা দিয়ে চলে যান। প্রায় দিনই তাঁরা সকাল ১০টার দিকে এসে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে চলে যান। উপস্বাস্থ্যকেন্দ্রের পাশে বসবাসকারী ব্যবসায়ী মুহাম্মদ হারুনও একই অভিযোগ করেন।
উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার প্রথম আলোকে বলেন, সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক পদায়ন করা হয়। কিন্তু তিনি প্রেষণে অন্য হাসপাতালে কাজ করছেন। এই কারণে ইউনিয়নের লোকজন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মুহাম্মদ মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, চিকিৎসা কর্মকর্তাকে প্রেষণে পাঠানোয় সংকট সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় নারয়ণহাট উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকেরা যেতে চান না।