রোগীদের অভিযোগ শুনলেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ সেবাগ্রহীতা রোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় রোগীরা খোলাখুলিভাবে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবি জানান। গত মঙ্গলবার বিকেলে সিভিল সার্জনের কার্যালয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সনাক খাগড়াছড়ির সভাপতি অনন্ত বিহারী খীসা, হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা, টিআইবির এরিয়া ম্যানেজার এ টি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।মুক্ত আলোচনায় অংশ নেওয়া রোগীরা দ্রুত ১০০ শয্যার হাসপাতাল চালুর তাগিদ দেন। উল্লেখ্য, হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবলের অভাবে এখনো চালু করা যায়নি। রোগীরা অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেলে বারান্দায় থাকতে হয়।’ বিদ্যুতের সমস্যা দূর করার জন্য হাসপাতালে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা রাখার দাবিও জানান রোগীরা। এ ছাড়া হাসপাতালে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যাতে সব সময় চালু থাকে, সেদিকেও লক্ষ রাখার দাবি জানান তাঁরা। মুক্ত আলোচনায় কয়েকজন রোগী হাসপাতালে পানির ব্যবস্থা, শৌচাগার ও ওয়ার্ডের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ তোলেন। সনাক সভাপতি অনন্ত বিহারী খীসা বলেন, ‘পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সমস্যা চিহ্নিত হয়েছে। সমাধানের পরবর্তী করণীয় নির্ধারণ করে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করবে, এই প্রত্যাশা করছি।’ সভার সভাপতি ডা. হাসান ইমাম চৌধুরী বলেন, ‘এ ধরনের সভার মাধ্যমে প্রকৃত সমস্যা দ্রুত চিহ্নিত করা যায়। জেলা সদর হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও নতুন হাসপাতাল চালু করা যাচ্ছে না। খাগড়াছড়ি জেলায় চিকিৎসকের সৃষ্ট পদ হচ্ছে ১২৭টি। বর্তমানে চিকিৎসক কর্মরত আছেন মাত্র ৩৮ জন। এত সীমাবদ্ধতার মধ্যেও সবার সহযোগিতা নিয়ে আমরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা দিতে।’