>

যে উদ্যোগ বদলে দিতে পারে পৃথিবী
আজ ইমপ্যাক্ট জার্নালিজম ডে। বিশ্বের সামনের সারির ৫৫টি সংবাদপত্র একযোগে পরিবর্তনের কারিগরদের কথা বলছে এই দিনে। এবারও এই উদ্যোগের সঙ্গে আছে প্রথম আলো। পৃথিবী বদলে দিতে পারে এমন অনন্য কিছু উদ্যোগের গল্প নিয়ে আমাদের এই আয়োজন। সারা বিশ্ব থেকে বেছে নেওয়া নানামুখী উদ্যোগের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি উদ্যোগও। আপনি এবং বিশ্বের ১২ কোটি পাঠক একযোগে জানতে পারছেন এই সব অনন্য উদ্যোগের গল্প।
হাসপাতালের অভ্যর্থনাকক্ষে বসেছিলেন আফছানা খাতুন। বয়স চল্লিশ পেরিয়েছে। বাঁ হাতের কনুই উঁচিয়ে একটি টিউমার দেখালেন। বললেন, ‘আমি আইছি না, আমারে তাঁরা বাড়ি থাকি খুঁজি আনছইন!’
বাংলাদেশের বাস্তবতায় ব্যতিক্রমই বটে। যেখানে হাসপাতালে এসে চিকিৎসা পাওয়া দুরূহ, সেখানে হাসপাতালের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগী খুঁজে আনছেন! তবে আফছানাই একমাত্র সৌভাগ্যবান নন; ওই অভ্যর্থনাকক্ষেই দুই নবজাতকের মাসহ মধ্যবয়স্ক আরও সাতজন নারীর দেখা মিলল। তাঁরা সবাই মাঠকর্মীদের মাধ্যমে এসেছেন হাসপাতালে।

হাসপাতালটির নাম বিয়ানীবাজার ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটের বিয়ানীবাজার উপজেলা সদরের দাসগ্রামে এটি প্রতিষ্ঠিত হয়েছে বেসরকারি উদ্যোগে। উদ্যোক্তারা যুক্তরাজ্যপ্রবাসী, যাঁরা সিলেট অঞ্চলে ‘লন্ডনি’ নামে পরিচিত। তাই হাসপাতালটিও লোকমুখে ‘লন্ডনি হাসপাতাল’ নামে পরিচিতি পাচ্ছে।
বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের লাসাইতলা গ্রামে গিয়ে দুবারের চেষ্টায় রক্ষণশীল আফছানা খাতুনকে হাসপাতালে আনতে সক্ষম হয়েছেন মাঠকর্মীরা। তাঁর কৃষক স্বামী মো. জামাল উদ্দিন একদিন গিয়ে হাসপাতাল দেখে এসে আশ্বস্ত হওয়ার পরই এটা সম্ভব হয়েছে। ওই এলাকায় ৪৩১ জন টিউমার-আক্রান্ত রোগী শনাক্ত করেছেন হাসপাতালটির কর্মীরা। তাঁদের ৬০ ভাগই নারী।
দেশে স্বাস্থ্যসেবার সব কটি সূচকে পিছিয়ে আছে সিলেট অঞ্চল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছরের মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত আট মাস ‘ডোর টু ডোর’ কার্যক্রম চালানো হয়। হাসপাতালের প্রশিক্ষিত ২০ জন মাঠকর্মীর সঙ্গে ২০ স্বেচ্ছাসেবী মিলে ৪০ জনের দল গঠন করা হয়। উদ্দেশ্য ছিল ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা।
এই মাঠকর্মীদের তদারক করেন হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপক ফাতেমা-তুজ-জহুরা। তিনি জানান, তিন থেকে পাঁচ সদস্যের একেকটি দল সপ্তাহে তিন দিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে। পৌর এলাকাসহ বিয়ানীবাজারের আটটি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী তিনটি উপজেলার ১৫ হাজার ৭৪৭টি বাড়িতে পৌঁছান মাঠকর্মীরা।
মাঠকর্মী ইমা বেগম জানান, সাধারণত ক্যানসারের সাতটি লক্ষণ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন তাঁরা। একাধিক লক্ষণ পাওয়া গেলে হাসপাতালে এনে প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়। কর্তৃপক্ষের হিসাবে, এই প্রক্রিয়ায় ১১৯ জন ক্যানসার রোগী শনাক্ত করা গেছে। তাঁদের বয়স ৪৫ থেকে ৬৫-এর মধ্যে। এর মধ্যে নারী ৭১ জন, পুরুষ ৪৮ জন। নারীরা ব্রেস্ট ও জরায়ু ক্যানসারে আক্রান্ত। পুরুষদের মুখে, গলায়, খাদ্যনালি, লিভার ও রক্তের ক্যানসার ধরা পড়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সজিবুর রহমান জানান, ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই চিকিৎসাসেবার বাইরে ছিলেন। তাঁদের মাত্র ২৭ জন জানতেন, তাঁরা ক্যানসারে আক্রান্ত। কিন্তু চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় কবিরাজি আর ঝাড়ফুঁক করিয়ে মৃত্যুর প্রহর গুনছিলেন।
এর বাইরে ব্রেস্ট ও জরায়ুর ক্যানসার পরীক্ষার জন্য আরও ১ হাজার ৫২ জনকে নির্বাচন করা হয়েছে। তাঁদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে করা হচ্ছে বলে জানান হাসপাতালের উপদেষ্টা চিকিৎসক মহিউদ্দিন।