রোগীর বন্ধু ‘গরিব তহবিল’
গরিব রোগীদের বিনা মূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য পাঁচ বছর আগে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরিব তহবিল গঠন করা হয়। সেই তহবিল এখন আর গরিব নেই। তহবিলে প্রতিদিনই বাড়ছে টাকার পরিমাণ, নানা খরচের পরও তিন লাখ টাকা জমা আছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালে ২০০৫ সালের সেপ্টেম্বরে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সহিদুজ্জামানের উদ্যোগে এ তহবিল গঠন করা হয়। তহবিলের জন্য হাসপাতালে বহির্বিভাগের রোগীদের কাছ থেকে চিকিৎসাপত্র বাবদ দুই টাকা করে নেওয়া হয়।এ পর্যন্ত গরিব তহবিলের টাকায় পাঁচ শতাধিক গরিব রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়াও হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, সৌরবিদ্যুৎ চালু, বিনা মূল্যে জলাতঙ্কের টিকা বিতরণ, জেনারেটর, অ্যাম্বুলেন্স মেরামতসহ জরুরি ছোট প্রয়োজন মেটানো হচ্ছে তহবিলের টাকায়। বর্তমানে প্রতিদিন ৩০০-৩৫০ রোগী চিকিৎসার জন্য আসেন হাসপাতালে। সে হিসাবে দিনে ৬০০-৭০০ টাকা এবং সপ্তাহে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা তহবিলে জমা হচ্ছে। গরিব তহবিল পরিচালনা ও তদারকির জন্য তিন সদস্যের কমিটি রয়েছে। প্রতি বৃহস্পতিবার তহবিলের ব্যাংক হিসাবে টাকা জমা করা হয়।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী বলেন, ‘গরিবদের কল্যাণে গঠন করা হলেও এ তহবিল এখন সবার, হয়ে উঠেছে হাসপাতালের বন্ধু। এ তহবিলের টাকায় সৌরবিদ্যুৎ স্থাপন, ডেন্টাল ইউনিটে ওষুধ সরবরাহ, অ্যাম্বুলেন্স ও জেনারেটর সংস্কারসহ নানা কাজ হয়েছে। দৈনিক ৬০ টাকা মজুরিতে একজন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ‘বর্তমানে প্রতিদিন তিন-চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এ কারণে প্রসূতিদের অস্ত্রোপচারসহ হাসপাতালের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত লাখ টাকার ভ্যাকসিন নষ্ট হওয়ার উপক্রম হয়। এ অবস্থায় গরিব তহবিলের টাকায় স্থাপিত সৌরবিদ্যুৎ দারুণ কাজ দিচ্ছে।’ বললেন দন্তরোগের চিকিৎসক বশির আহম্মদ। কার্যালয় সহকারী ধীমান বড়ুয়া জানান, কিছুদিন আগে রাতের আঁধারে চোরের দল বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার (কেব্ল) কেটে নিয়ে যায়। সরকারি নিয়ম অনুযায়ী তার কেনার বরাদ্দ পেতে অনেক সময়ের দরকার। গরিব তহবিল থেকে ১৮ হাজার টাকা খরচ করে তার কিনে পরদিনই সংযোগ চালু করা হয়। উখিয়ারঘোনার দিনমজুর আবুল হোসেনের স্ত্রী কুলসুমা বেগম বলেন, ‘এ হাসপাতালত গরিবর চিকিৎসা আছে, আঁই উপকার পাইয়ি’ (এ হাসপাতালে গরিবের জন্য চিকিৎসা আছে, আমি উপকার পেয়েছি)। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য লুৎফর রহমান এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘দুই টাকা দিতে কারও সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু সেই দুই টাকাই এখন লাখ টাকার কাজ দিচ্ছে।’তিনি সব হাসপাতালে গরিব তহবিল চালুর পরামর্শ দেন।