ফটিছকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কারণে রোগীরা হয়রানির শিকার হচ্ছে। বেলা একটার আগে ওষুধ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদের চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের অনুমতি না থাকলেও এ নিয়ম মানছেন না তাঁরা। এ কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
২০ শয্যার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, কর্তব্যরত চিকিৎসকদের কক্ষের সামনে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জটলা। চিকিৎসকের কক্ষ থেকে কোনো রোগী বের হলে প্রতিনিধিরা ছুটে যান ব্যবস্থাপত্র দেখতে। অনেক সময় ব্যবস্থাপত্র নিয়ে টানাটানির ঘটনাও ঘটে বলে অভিযোগ রোগীদের।
৩ নভেম্বর সকালে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন রাঙ্গামাটিয়া গ্রামের রিপা আকতার (৩৬)। তিনি অভািযোগ করেন, চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ-সাতজন প্রতিনিধি তাঁর হাত থেকে ব্যবস্থাপত্র কেড়ে নেন।
রিপা আকতার বলেন, ‘পেটের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া মাত্র ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোকজন ব্যবস্থাপত্র হাত থেকে কেড়ে নিয়ে যান। ব্যবস্থাপত্র নিয়ে একজনের পর একজন দেখতে থাকেন। এভাবে ১০ মিনিট ধরে শুধু হাতবদলই হয়।’ ওষুধ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, প্রতিদিন এই হাসপাতালে গড়ে ৪০ থেকে ৫০ জন প্রতিনিধি আসেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা হাসপাতালে অবস্থান করেন। নিজ প্রতিষ্ঠানের ওষুধ লেখার অনুরোধ করতে তাঁরা চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মো. জয়নাল আবেদিনের কক্ষে গিয়ে দেখা যায়, চিকিৎসার জন্য আসা বেশ কয়েকজন রোগী তাঁর কক্ষে দাঁড়িয়ে আছে। সামনের দুটি চেয়ারে বসে আছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দুজন প্রতিনিধি।
জয়নাল আবেদিন বলেন, চিকিৎসকদের কাছে ওষুধ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আসা দোষের কিছু নয়। পাইন্দং থেকে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সের চালক মো. জাকির হোসেন বলেন, ‘এখানে এ ধরনের ঘটনা প্রায়ই দেখি। স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক কার্যত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মোটরসাইকেলের দখলে থাকে। সেখানেও রোগীরা প্রতিনিধিদের কাছে হয়রানি হয়। ব্যবস্থাপত্র কেড়ে নেওয়া নিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডাও হয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশিষ দত্ত প্রথম আলোকে জানান, বেলা একটা পর্যন্ত প্রতিনিধিদের চিকিৎসদের কক্ষে আসা নিষেধ রয়েছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি তাঁদের তৎপরতা বন্ধে ব্যবস্থাও নেওয়া হবে।