রোগীর লাইন নয়টা থেকে চিকিৎসক এলেন ১১টায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীরা লাইনে দাঁড়িয়েছেন সকাল নয়টা থেকে। আর চিকিৎসকেরা এসেছেন ১১টার পরে। দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছেন মাত্র চারজন চিকিত্সক। চিকিৎসা চলেছে বেলা একটা পর্যন্ত। দুইটার পর হাসপাতাল ছেড়ে বাসায় চলে যান চিকিৎসকেরা। পাঁচজন চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত ছিলেন। বুধবার রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে এমন চিত্র দেখা গেল। স্থানীয়রা বলেছেন, এ চিত্র এক দিনের নয়, প্রতিদিনের। ফাতেমা বেগম (৩৪), শারমিন আক্তার (২১), আলী আকবর (৪৭), মফিজুর রহমান (৫১) ও মমতাজ বেগম (৩১) এসেছেন পদুয়া ইউনিয়ন থেকে। জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত তাঁরা। দ্রুত চিকিৎসা পাওয়ার আশায় সকাল নয়টায় উপস্থিত হন হাসপাতালে। কিন্তু হাসপাতালে এসে দেখেন জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসকের কক্ষের দরজা বন্ধ। সাড়ে ১০টায় টিকিট দেওয়া হয়। লাইন ধরে তিন টাকার টিকিট নেন পাঁচ টাকায়। ১১টার পর জরুরি বিভাগের সহকারী চিকিত্সক সাগর কান্তি সাহা তাঁদের ব্যবস্থাপত্র দেন।মধ্যম বেতাগি গ্রাম থেকে এসেছেন মো. রমজান আলী (৫৬)। তিনি জানান, পেটে ব্যথা নিয়ে সাড়ে নয়টায় হাসপাতালে আসেন। টিকিটে লেখা ছিল তিন নম্বর কক্ষে চিকিৎসা দেওয়া হবে। অথচ ওই কক্ষে দেখেন চিকিৎসকই নেই। দুপুর ১২টা পর্যন্ত তিনি চিকিৎসা না পেয়ে কর্তৃপক্ষকে জানান বিষয়টি। ১২টা ২৫ মিনিটে তিন নম্বর কক্ষে ঢোকেন চিকিৎসা কর্মকর্তা সুফিয়া বেগম । দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পায়ে ব্যথা তাই আসতে দেরি হলো।’ লালানগর ইউনিয়নের বন্দেরাজপাড়া গ্রামের লাইলা বেগম (৩৯) ও মরিয়ম খাতুন (২৯) সকাল নয়টায় হাসপাতালে আসেন। টিকিট কাটেন সাড়ে ১০টায় আর চিকিত্সা পেয়েছেন সাড়ে ১২টায়। সরেজমিনে দেখা যায়, শিশু রোগের চিকিৎসক মো. আবু মোরশেদ ও মো. খোরশেদ আলম, প্রসূতি রোগের চিকিৎসক তাজিন সুলতানা এবং নাক-কান-গলা রোগের চিকিত্সক এইচ এম মোবারক হোসেন বেলা একটা পর্যন্ত প্রায় ২৫৩ জন রোগীকে ব্যবস্থাপত্র দেন। দুপুর দুইটার পর তাঁরা হাসপাতাল ছেড়ে চট্টগ্রাম শহরের বাসার উদ্দেশ্যে রওনা দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘হূদরোগের চিকিৎসক মো. আবদুল জলিল অসুস্থ, ছুটিতে আছেন। দন্ত চিকিত্সক কৃষ্ণা কাবেরি দাশও ছুটিতে। চিকিৎসা কর্মকর্তা সুমন বড়ুয়া রাতে দায়িত্ব পালন করায় দিনে আসেননি। আবাসিক চিকিৎসক আবু হানিফ চৌধুরী ওয়ার্ডে আছেন।’ চিকিৎসকদের দেরিতে আসার বিষয়ে তিনি বলেন, ‘হাসপাতালে কয়েকজন চিকিৎসক আছেন যাঁরা কথা শুনেন না। তাঁরা নিজের ইচ্ছায় আসেন, নিজের ইচ্ছায় যান। এসব চিকিত্সকের রোগীদের ব্যবস্থাপত্র প্রায় আমাকেই দিতে হয়।’নির্দিষ্ট সময়ের আগে চিকিৎসকদের চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চিকিৎসকেরা সরকারি নিয়ম অনুযায়ী নয়টায় হাসপাতালে আসেন না, আবার আড়াইটার আগেই হাসপাতাল ছেড়ে যান—এটা ঠিক।’ টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হয়তো ভাঙতি টাকার অভাবে পাঁচ টাকা নেওয়া হয়েছে।’ এ ব্যাপারে তিনি সিভিল সার্জনের কাছে লিখিত প্রতিবেদন দেবেন বলে জানান। তিনি বলেন, ৫০ শয্যার এই হাসপাতালে ২০ জন চিকিৎসকের মধ্যে আছেন নয়জন। এ ছাড়া আয়া, ওয়ার্ডবয়, ক্লিনারসহ বিভিন্ন পদে অর্ধেকেরও বেশি লোকবল নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ‘চিকিৎসকেরা প্রায় দেরিতে আসেন—এমন অভিযোগ আমি পেয়েছি। হাসপাতালের সমন্বয় সভায় চিকিৎসকদের সতর্কও করা হয়েছে।’