সোরিয়াসিস ত্বকের একটি জটিল রোগ। তবে এটি কেবল ত্বক নয়, আক্রমণ করতে পারে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গেও। যেমন সন্ধি, নখ ইত্যাদি।আমাদের ত্বকের কোষস্তর প্রতিনিয়ত মারা যায় এবং নতুন করে তৈরি হয়। সোরিয়াসিসে এই কোষ বৃদ্ধির হার অস্বাভাবিক হয়ে ওঠে। যেমন ত্বকের সবচেয়ে গভীরের স্তর থেকে নতুন কেরাটিনোসাইট কোষ ওপরের স্তরে আসতে স্বাভাবিকভাবে সময় নেয় ২৮ দিন, আর এ ক্ষেত্রে তা পাঁচ থেকে সাত দিন। কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার জায়গাজুড়ে এই সমস্যা দেখা দেয়।রোগ যত পুরোনো হয়, ততই জটিল হতে থাকে। তাই দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আসা জরুরি। আক্রান্ত ব্যক্তিকে আজীবন চিকিৎসা নিতে হয়।সোরিয়াসিস বংশগতভাবে হতে পারে। তাই পরিবারে এর ইতিহাস থাকলে ত্বকের যেকোনো সমস্যায় সচেতন হোন।কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই রোগের প্রকোপ বেড়ে যায়। চিকিৎসকের কাছে জেনে নিন এগুলো কী।সরাসরি সূর্যালোক ও শুষ্ক ত্বক সোরিয়াসিস রোগীর জন্য ক্ষতিকর। তাই সরাসরি রোদে অনেকক্ষণ থাকবেন না। ত্বক আর্দ্র রাখতে নিয়মিত অলিভ ওয়েল, নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।ত্বকে কোনো আঘাত বা কাটাছেঁড়া জটিলতা বাড়ায়, তাই সাবধান থাকুন।বিভিন্ন খাওয়ার ওষুধ, মলম ও আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে এর চিকিৎসা করা হয়। তবে বর্তমানে নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি যেমন বায়োলজিক্যাল থেরাপি রোগের দীর্ঘস্থায়ী উপশম করতে পারে। যে ধরনের চিকিৎসাই নেওয়া হোক না কেন, নির্দিষ্ট সময় নিয়মিত চেকআপ এবং ওষুধের মাত্রা নির্ধারণ করা প্রয়োজন। চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল।