রোজকার সাজ
‘রোদ-গরম। এর মধ্যে হঠাৎ বৃষ্টির বিড়ম্বনা। এখন আবহাওয়াটাই এমন। এ সময় সাজসজ্জায়ও তাই বাড়তি যত্ন নিতে হয়। রোদ-বৃষ্টির কথা মাথায় রেখে সাজলে সারা দিন থাকতে পারবেন সতেজ।’ কথাগুলো বললেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। এই আবহাওয়ায় নিত্যকার সাজ নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি।গরমে কমবেশি সবার ঘাম হয়। সে কারণে এ সময় পানি প্রতিরোধক মেকআপ খুব উপযোগী। তা ছাড়া দিনের বেলায় ভারী মেকআপ করা একদম উচিত নয়। সকালে মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহারের আগে মুখে আলতো করে বরফ ঘষে নিতে পারেন। এতে ঘাম কম হবে। প্রতিদিনের জন্য হালকা ধরনের মেকআপই ভালো। এটি যেন দীর্ঘস্থায়ী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সানস্ক্রিন ক্রিম লাগানোর পর মুখে ছোট দাগ বা কালো ছোপ থাকলে কনসিলার ব্যবহার করুন। ত্বকের ধরন বুঝে কনসিলার কেনা ভালো। এরপর কমপ্যাক্ট পাউডার লাগিয়ে নিন।এ সময়ে বেশি গুরুত্ব দিতে হবে চোখ ও ঠোঁটের সাজে। কাজল ও আইলাইনার ঘেমে লেপটে যায়। এ জন্য পানি প্রতিরোধক কাজল ও আইলাইনার ব্যবহার করুন। এ ছাড়া কাজল ব্যবহারের পর টিস্যু দিয়ে একটু চেপে নিন। অল্প আইশ্যাডো বা ট্যালকম পাউডার কাজলের ওপর লাগিয়ে নিলে ঘেমে তা ছড়িয়ে পড়বে না। মাশকারা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। প্রতিদিন মাশকারা ব্যবহার না করাই ভালো। চোখের ওপরে হালকা গোলাপি, সাদা, ধূসর, তামাটে বা বাদামি রঙের আইশ্যাডোর ব্যবহার সাজে ভিন্নমাত্রা এনে দেবে। গরমের এই সময় ব্যবহার করুন ম্যাট লিপস্টিক।লিপস্টিক দিয়ে দুই ঠোঁট চেপে বা হালকা করে পাউডার দিয়ে আরেক প্রলেপ লিপস্টিক দিলেও তা দীর্ঘস্থায়ী হবে। যাঁরা লিপস্টিক দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁদের জন্যও সমাধান আছে। লিপগ্লস ব্যবহার করুন। এর ওপর আরেকটি বিশেষ ধরনের লিপগ্লসের প্রলেপ দিন। লিপগ্লস দীর্ঘস্থায়ী করার এই প্রসাধনসামগ্রী বাজারে পাওয়া যায়। ভালো ব্র্যান্ডের প্রসাধনসামগ্রী ব্যবহার করা উচিত। এ ছাড়া মুখের উজ্জ্বলতা বাড়াতে ব্রোঞ্জার ব্যবহার করতে পারেন। ছোট ব্যাগে কমপ্যাক্ট পাউডার, কাজল, সুগন্ধি, চিরুনি ও লিপস্টিক সঙ্গে রাখুন। এ ছাড়া ওয়েট ওয়াইপস ও টিস্যু অবশ্যই রাখতে হবে। হালকা মেকআপ হলেও বাড়িতে ফিরে ভালোভাবে তা তুলে ফেলুন। নিয়মিত ত্বকের যত্ন নিন, তাহলে সব সময়ই স্নিগ্ধ থাকবেন।