রোজা এলে রাস্তায় নামে নতুন রিকশা
জীবনে প্রথমবার চট্টগ্রামে এসেই রিকশার হাতল ধরেছেন দিনাজপুরের শামীম আহমেদ। ঈদে বাড়তি রোজগারের আশায় প্রায় ১০ দিন আগে নগরে চলে আসেন তিনি। নাসিরাবাদে তন্বী কোম্পানির গ্যারেজ থেকে ভাড়ায় রিকশা নিয়ে যাত্রীর খোঁজে ছুটছেন এ চালক। শামীমের পরিচিত এমন আরও ১৫ জন ঈদ উপলক্ষে দিনাজপুর থেকে চট্টগ্রামে এসে রিকশা চালাচ্ছেন। গ্রামে ভালো আয়-রোজগার না থাকায় তাঁরা শহরে চলে আসেন। অনুসন্ধানে জানা গেছে, নগরে হঠাৎ করেই রিকশা চলাচল বেড়েছে। গ্রামে কাজ না থাকায় সংসার চালাতে অনেকেই ছুটে এসেছেন শহরে। এ কারণে নগরের গ্যারেজগুলো থেকে এখন সব রিকশা রাস্তায় নেমে গেছে। ধীরগতির এ যানবাহনের কারণে যানজটও বেশি হচ্ছে বলে সংশ্লিষ্ট লোকজন জানান।নগরে কত রিকশা চলাচল করছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। ট্রাফিক পুলিশের উপ-কমিশনার ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, নগরে কত রিকশা চলাচল করছে তার সঠিক কোনো হিসাব নেই। তবে আমাদের ধারণামতে, নগরে দুই লাখের মতো রিকশা চলাচল করছে। রিকশার কারণে যানজটও হচ্ছে বেশি। নিয়মানুযায়ী, নগরে রিকশা চলাচলের জন্য সিটি করপোরেশন থেকে নিবন্ধন নিতে হয়। সিটি করপোরেশনের হিসাবে, এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার একটি রিকশার নিবন্ধন দেওয়া হয়েছে। এ হিসাব অবশ্য ১০ বছর আগের। অর্থাৎ গত ১০ বছরে একটি রিকশার নিবন্ধনও দেওয়া হয়নি। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন প্রথম আলোকে বলেন, রিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন করে ৫০ হাজার রিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে নগরে এখন দুই লাখের বেশি রিকশা চলাচল করছে বলে তিনি মনে করেন।পরিবহনব্যবস্থা নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন প্রকৌশলী সুভাষ বড়ুয়া। প্রথম আলোকে তিনি বলেন, নগরে যত যানবাহন চলাচল করছে তার ৩৭ শতাংশই রিকশা। নগরের সড়কগুলোতে ৪০ শতাংশ জায়গা দখল করে আছে রিকশা। রিকশার মতো এত বেশি জায়গা দখল করছে না অন্য কোনো যানবাহন।দিনাজপুর থেকে আসা রিকশাচালক শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রামে মুদি দোকানের ব্যবসা থেকে দিনে ১০০ টাকাও রোজগার করতে কষ্ট হয়। শহরে রিকশা চালিয়ে খেয়ে দেয়ে আড়াই শ টাকার মতো থাকে। এ কারণে কাজের খোঁজে যাঁরা শহরে আসেন তাঁদের বেশির ভাগই রিকশা চালান।