রোজা এলেই দাম বাড়ে
রোজা শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি। কিন্তু বিকল্প ব্যবস্থায় পণ্যের সরবরাহ বাড়িয়ে ভোগ্যপণ্যের বাজার-পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে, রোজা সামনে রেখে ছোলা, চিনি, ভোজ্যতেল, ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বরাবরের মতো বাড়তে শুরু করেছে। বেসরকারি পর্যায়ে আমদানি বাড়লেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে বন্দর দিয়ে ২২টি জাহাজে ছয় লাখ নয় হাজার টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এগুলো হলো: সয়াবিন ও পাম তেল, অপরিশোধিত চিনি, গম ও চাল। এ ছাড়া কনটেইনারে করেও আসছে ছোলা, মটর ডাল, মসুর ডালসহ রমজানের বহুল ব্যবহূত পণ্য।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, ‘রমজানের খাদ্যদ্রব্য খালাসে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ভোজ্যতেলের খালাস যাতে দ্রুততর হয়, সে জন্য জ্বালানি তেল খালাসের ডলফিন তেল জেটিতেও নতুন পাইপ লাইন বসিয়ে ভোজ্যতেল খালাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ আমদানি বাড়ার এমন সুখবর থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। কারণ, রমজান শুরুর আগেই এসব ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির হিসাবেও রমজানের আগে গত এক মাসে এসব পণ্যের দাম বেড়েছে কেজিপ্রতি এক থেকে ১৫ টাকা। শতাংশ হিসাবে দাম বাড়ার হার সর্বোচ্চ ১৬ শতাংশ।বাজার ঘুরে দেখা গেছে, রমজান মাসে বহুল ব্যবহূত চিনি, ছোলা ও ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে। প্রতি কেজি সাধারণ মানের ছোলা বিক্রি হচ্ছে ৬৫ টাকা। তবে খুব ভালো মানের ছোলা পাওয়া যাচ্ছে না এবার। একটু ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৪ টাকায়। এ ছাড়া, প্রতি কেজি চিনির দাম এখনই ৭০ টাকায় উঠেছে। ভোজ্যতেলের দাম আগেই বেড়েছে। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে হলে সরকারি সংস্থাগুলোর এখনই ভ্রাম্যমাণ ট্রাকে বিভিন্ন মোড়ে পণ্য বিক্রি শুরু করা উচিত। এতে সাধারণ আয়ের মানুষ বাজারের চেয়ে কম দামে ভোগ্যপণ্য কেনার সুযোগ পাবে। এতে বাজারও অস্থিতিশীল হওয়ার সুযোগ থাকবে না। ভোজ্যতেল: বন্দর সূত্রমতে, গত সপ্তাহে ছয়টি জাহাজে আমদানি হয়েছে এক লাখ ছয় হাজার ৬৯২ টন ভোজ্যতেল। এর মধ্যে প্রায় ৬৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন, ৩৩ হাজার টন পরিশোধিত পাম তেল এবং আট হাজার টন অপরিশোধিত পাম তেল রয়েছে। তেল খালাস করে কয়েকটি জাহাজ এরইমধ্যে বন্দর ত্যাগ করেছে। কয়েকটি জাহাজ থেকে গতকাল সোমবারও ভোজ্যতেল খালাস হচ্ছিল বলে জানা গেছে। বন্দর ও কাস্টম হাউসের পরিসংখ্যানে দেখা যায়, গত আড়াই মাসে বন্দর দিয়ে ভোজ্যতেল আমদানি হয়েছে সাড়ে চার লাখ টন। দুই মাসের চাহিদা বাদ দেওয়া হলেও রমজানের আগে আড়াই লাখ টন ভোজ্যতেল মজুদ থাকার কথা। ব্যবসায়ীদের হিসাবে, রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা এক লাখ ৬০ হাজার টন। অর্থা ৎ রমজান মাসের চাহিদার চেয়ে বেশি ভোজ্যতেল মজুদ আছে। কিন্তু আমদানি করা সব তেল পরিশোধনাগার ঘুরে বাজারে না আসায় সরবরাহের স্বল্পতা রয়েছে। এ কারণে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন বলে জানা যায়।চিনি: রমজান মাসে বেশি ব্যবহূত হয় চিনি। গত সপ্তাহে বন্দরের জাহাজের সময়সূচি থেকে দেখা যায়, তিনটি জাহাজে অপরিশোধিত চিনি (‘র’ সুগার) আমদানি হয় এক লাখ পাঁচ হাজার টন। এসব চিনি পরিশোধন করে বাজারজাত করা হবে বলে জানা গেছে। রমজানের আগে চিনি নিয়ে আরও কয়েকটি জাহাজ বন্দরে আসার পথে রয়েছে বলে ব্যবসায়ী সূত্রে জানা গেছে।ব্যবসায়ীদের হিসাবে, রমজানে চিনির চাহিদাও প্রায় এক লাখ ৬০ হাজার টন। বেসরকারি আমদানির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কাছে প্রায় অর্ধ লক্ষ টন চিনির মজুদ রয়েছে। কিন্তু দেশীয় ছয়টি চিনি শোধনাগারের মধ্যে কয়েকটিতে বিভিন্ন কারণে উ ৎ পাদন বন্ধ থাকায় বাজারে চিনির সরবরাহে সংকট রয়েছে। এই কারণে পাইকারি এবং খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা কৌশলে চিনির দাম বাড়িয়ে দিচ্ছে।ডাল: এ বছর প্রথম ছয় মাসে ছোলা আমদানি হয় ৬৯ হাজার ৪৫৩ টন। চলতি মাসের প্রথম ১২ দিনে আমদানি হয়েছে দুই হাজার ১৯১ টন। ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, এখন কনটেইনারে করে ছোলা আসার পথে রয়েছে। কিন্তু এইসব চালান দেশে আসার আগেই রোজার জন্য ছোলার পাইকারি বিক্রি প্রায় শেষ হওয়ার পথে। এ কারণে ছোলার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। তবে রোজার শুরুতে দাম আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা জানান। জানা যায়, রোজা ছাড়াও প্রতিমাসে গড়ে চার-পাঁচ হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। রমজানের আগে-পরে ছোলার চাহিদা ধরা হয় মাসে ৬০-৭০ হাজার টন। আমদানি বিলম্বের কারণে বাজারে সাময়িক-সংকট থাকার সুযোগে ব্যবসায়ীরা ছোলার দামও বাড়িয়ে দেন বলে অভিযোগ আছে। অন্যান্য ডাল: ছোলার মতো মটর ও মসুর ডালের আমদানি গত দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কম। গত মাসে মটর ডাল আমদানি হয় মাত্র ৬৫ টন। তবে গত চার মাসে মটর ডাল আমদানি হয়েছে এক লাখ দুই হাজার ৭৫৫ টন। রমজানে মটর ডালের চাহিদা ধরা হয় অন্তত ৪০ হাজার টন। এ হিসাবেও রমজানে মটর ডালের মজুদ রয়েছে। এ ছাড়া গত পাঁচ মাসে মসুর ডাল আমদানি হয়েছে ২৩ হাজার টন। তবে মসুর ডাল নেপাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়েও আসছে। কিন্তু তার আগে থেকেই বাজারের মটর ও মসুরের দাম বেড়ে গেছে।বন্দর ও কাস্টম হাউস সূত্র জানায়, ভোজ্যতেল ও চিনি ছাড়াও চাল-গম আমদানি বাড়ছে। বন্দরে পাঁচটি বড় জাহাজে আমদানি হয়েছে দুই লাখ ৩১ হাজার টন গম। এ ছাড়া চাল আমদানি হয়েছে আটটি জাহাজে। এর পরিমাণ এক লাখ ৬৭ হাজার টন।