রোজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে রোজা। রমজান মাসের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশ ও ট্রাফিক বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। নিরাপত্তায় থাকবে তিন স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। যানজট নিরসনেও নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) তারেক আহমেদ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা থাকবে। নিয়মিত টহলের পাশাপাশি মোটরসাইকেল টহল দল ও গোয়েন্দা নজরদারি থাকবে বিপণিবিতানগুলোর আশপাশে। এ ছাড়া নারী পুলিশও থাকবে। বিপণিকেন্দ্রগুলোর চারপাশ যাতে আলোকিত থাকে, সে ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। রমজানে নগরের প্রধান সড়কগুলোতে যানজট লেগেই থাকে। বিশেষ করে বিপণিকেন্দ্র ঘিরেই যানজট শুরু হয়। তারপর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। নগরের সিইপিজেড, বিপণিবিতান, চকবাজার, প্রবর্তক মোড়, বাদামতলী ও আন্দরকিল্লা এলাকায় যানজট বেশি হয়। রমজানে যানজট নিরসনে পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত বলেন, ‘দিনের বেলায় নগরে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বিপণিকেন্দ্রে কমিউনিটি পুলিশ নিয়োগ, গাড়ি পার্কিংয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কিছু মোড়ে যান চলাচল একমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ রমজানে আমাদের সঙ্গে সমন্বয় করে করার অনুরোধ করা হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আশা করি যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’এদিকে রমজান এলেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিপণিকেন্দ্রের আশপাশের ফুটপাত নতুন হকারদের দখলে চলে যায়। সৃষ্টি হয় যানজট।